২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে দ্বাদশ বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত

এ আয়োজন করে ‘সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য’।

যুক্তরাজ্যে দ্বাদশ বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত
মেলার স্টলে বই নেড়েচেড়ে দেখছেন কবি শামীম আজাদ।

লন্ডন থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনসার আহমেদ উল্লাহ

Published : 17 Sep 2024, 10:23 PM

Updated : 01 Sep 2026, 11:58 AM

যুক্তরাজ্যে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী দ্বাদশ বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য-সাংস্কৃতিক উৎসব।

‘সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য’-এর আয়োজনে শনি ও রোববার পূর্ব লন্ডনের মাইল্যান্ড পার্কের আর্ট প্যাভিলিয়নে এ মেলা চলে।

মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অতিথি ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদসহ লেখক, সাহিত্যিক ও সাংবাদিকরা।

এবারের মেলাকে কেন্দ্র করে প্রবাসী লেখকদের ১৫টির বেশি বই প্রকাশিত হয়েছে। এ তথ্য জানিয়ে মেলার আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ বলেন, “এবছরও ইউরোপ-আমেরিকা থেকে অতিথিরা যোগ দিয়েছেন। ভিসা জটিলতার কারণে বাংলাদেশের বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা ও অতিথিরা আসতে পারেননি।”

মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সংগঠনের সভাপতি ময়নূর রহমান বাবুল বলেন, “বাংলাদেশের অমর একুশের বইমেলার পর লন্ডনের এই বইমেলা দ্বিতীয় বৃহৎ বইমেলা হিসেবে পরিচিত। এ মেলাকে কেন্দ্র করে প্রতি বছর ১৫-২০টা বই এবং ২-৩টা সংকলন ও লিটলম্যাগ প্রকাশিত হচ্ছে। বিশেষ করে প্রবাসী লেখক-কবি-সাহিত্যিকদের জন্য একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে।”

বাংলাদেশের বেশ কয়েকটি প্রকাশনী সংস্থা এবারের মেলায় অংশ নেয়। সমাগম ঘটে সব বয়সের মানুষের। কেউ বই কিনেছেন, কেউবা কবিতা আবৃত্তি শুনেছেন, আবার কেউবা স্বরচিত কবিতা পাঠ করেছেন।

মেলার নানা পর্বে ছিল আলোচনা সভা, কমিটি পরিচিতি, সাহিত্য সম্মাননা পদক প্রদান, নৃত্য, কবিতা আবৃত্তি, নতুন বইয়ের পাঠ-উম্মেচন, কবি পরিচিতি, স্বরচিত কবিতা পাঠ এবং প্রকাশকদের সঙ্গে মতবিনিময় ইত্যাদি।

এবছর সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সম্মাননা পান ফারুক আহমেদ রনি। তার হাতে পদক তুলে দেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং টাওয়ার হ্যামলেটস রারার স্পিকার সাইফুদ্দিন খালেদ।

এসময় অতিথি হিসেবে মঞ্চে আরও উপস্থিত ছিলেন লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিমাংশু গোস্বামী।