১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় চাই আস্থার পরিবেশ: পরিবেশমন্ত্রী

বাংলাদেশ নিজস্ব তহবিলের মাধ্যমে ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করলেও তা ‘পর্যাপ্ত নয়’ বলে জানান তিনি।

বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় চাই আস্থার পরিবেশ: পরিবেশমন্ত্রী
বক্তব্য দিচ্ছেন সাবের হোসেন চৌধুরী।

মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম

চীনের উহান থেকে

Published : 26 Jul 2024, 02:03 AM

Updated : 10 Sep 2026, 12:12 PM

জলবায়ু কর্মকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে উন্নত বিশ্ব প্রয়োজনীয় অর্থায়ন না করায় এক ধরনের আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিল্পোন্নত ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার চীনের উহানে অনুষ্ঠিত অষ্টম মিনিস্টিরিয়াল অন ক্লাইমেট অ্যাকশন শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

দুই দিনব্যাপী ওই সম্মেলনের দ্বিতীয় দিনের সেশনে বক্তব্য দেন তিনি।

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া জাতীয় অভিযোজন পরিকল্পনা, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান এবং ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন প্রভৃতি বাস্তবায়নের উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ নিজস্ব তহবিলের মাধ্যমে ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে। কিন্তু এটি পর্যাপ্ত নয়। বাংলাদেশ বিশ্বের সবচাইতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম হওয়ায় উন্নত বিশ্বকে বাংলাদেশে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি করতে হবে।

পরিবেশমন্ত্রী এর আগে সম্মেলন শুরুর দিন জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা কপ-২৮ এর প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবের এবং চীনের মিনিস্টার ফর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট হুয়াং রুংকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকে তারা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতির কথা জানান।

পরিবেশমন্ত্রীর সঙ্গে জলবায়ু সম্মেলনে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক এবং উপপরিচালক (আন্তর্জাতিক কনভেনশন) মো. হারুন-অর-রশিদ।