Published : 18 Sep 2026, 05:24 PM
বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি গুগল ও পাকিস্তান সরকারের মধ্যকার চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে ‘ফ্রিডম নেটওয়ার্ক’।
গুগল ও পাকিস্তান সরকারের কাছে খোলা চিঠি পাঠিয়ে গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংগঠনটি এ উদ্বেগ জানিয়েছে।
চিঠির বরাতে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন লিখেছে, নজরদারি না চালিয়ে চুক্তিটি কীভাবে পাকিস্তানের নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দেবে, ‘ফ্রিডম নেটওয়ার্ক’ সেটা জানতে চেয়েছে।
গত ১৮ অগাস্ট পাকিস্তানে নিজেদের প্রথম কার্যালয় খোলে গুগল। এর তিন দিন পর দেশটির সরকারের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করে কোম্পানিটি।
ইসলামাবাদভিত্তিক সংগঠন ‘ফ্রিডম নেটওয়ার্ক’ এসব অগ্রগতিকে স্বাগত জানালেও চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ্যে না আনায় উদ্বেগ প্রকাশ করেছে।
গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো চিঠিতে সংগঠনটি প্রশ্ন তুলেছে, “ঠিক কী ধরনের চুক্তি হয়েছে, সেটিই এখন বড় প্রশ্ন। সরকার বা গুগল কি তাদের মধ্যে সই হওয়া সব এমওইউ বা চুক্তি প্রকাশ করবে?
“চুক্তির কোনো কোনো বিধান যদি গোপন রাখার প্রয়োজনই পড়ে, তাহলে সেই সিদ্ধান্ত কে নিয়েছে এবং কোন আইনের অধীনে নিয়েছে?”
ব্যবহারকারীদের তথ্য, কনটেন্ট, মেটাডেটা বা সরকারি ডেটাবেজে প্রবেশাধিকার নিয়ে কোনো অপ্রকাশিত প্রতিশ্রুতি চুক্তিতে রয়েছে কিনা, সেটাও জানতে চেয়েছে ফ্রিডম নেটওয়ার্ক।
সংগঠনটি প্রশ্ন তুলেছে, “পাকিস্তান সরকার কী ধরনের পরিস্থিতিতে গুগল ব্যবহারকারীদের তথ্য চাইতে পারবে? প্রতিটি অনুরোধের ক্ষেত্রে কি বৈধ আইনি প্রক্রিয়া ও বিচারিক তদারকি প্রয়োজন হবে?
“যেসব অনুরোধ অস্পষ্ট বা মৌলিক অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, গুগল কি সেসব প্রত্যাখ্যান করবে?”
বিস্তারিত তুলে ধরার আহ্বান
ফ্রিডম নেটওয়ার্ক আরও জানতে চেয়েছে, সাংবাদিকদের জিমেইল, গুগল ড্রাইভ, ছবি, ইউটিউব অ্যাকাউন্ট, সার্চ সংক্রান্ত তথ্যে সরকারের প্রবেশাধিকার ঠেকানোর মতো ব্যবস্থা এসব চুক্তিতে আছে কি না?
গুগলের প্রতি সংগঠনটি আহ্বান জানিয়েছে, কোনো সরকারি সংস্থা অনুরোধ করলেই যেন কোনো কনটেন্ট সরিয়ে ফেলা না হয়।
তাদের মতে, কনটেন্ট বন্ধ বা সরিয়ে নেওয়ার অনুরোধ এলে তা স্বচ্ছ আইনি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।
আইনিভাবে সম্ভব হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সিদ্ধান্তের বিষয়ে জানানো ও তা চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া উচিত বলেও মনে করে সংগঠনটি।
গুগলের কাছে সংগঠনটি এটাও জানতে চেয়েছে, “পাকিস্তানের ব্যবহারকারীদের তথ্য কি পাকিস্তানেই সংরক্ষণ করা হবে, নাকি দেশের বাইরে রাখা হবে, নাকি দুই জায়গাতেই থাকবে?”
ফ্রিডম নেটওয়ার্ক বলেছে, “গুগল ও পাকিস্তান সরকারের মধ্যে অনানুষ্ঠানিক বা নথিবিহীন তথ্য আদান-প্রদানের কোনো ব্যবস্থা থাকা উচিত নয়।”
সংবাদ বিজ্ঞপ্তিতে গুগল নিয়ে আরেকটি প্রশ্ন তুলেছে ফ্রিডম নেটওয়ার্ক।
তারা বলেছে, “পাকিস্তানে গোপনীয়তা ও মানবাধিকারের সুরক্ষা-সংক্রান্ত নীতিমালা গুগল মেনে চলছে কিনা, সেই নিরীক্ষা স্বাধীনভাবে কে করবে? এ দায়িত্ব শুধু সরকারের হাতে থাকা উচিত নয়।”