কানাডায় ‘সবজি বিক্রেতা’ বাংলাদেশি শিশু
মাথায় লাল গামছা, পরনে লুঙ্গি। সামনে থরে থরে সাজানো লাউ, শিম, টমেটো, বেগুন, পুঁইশাক আর কাঁচা মরিচ যেন বাংলাদেশের কথাই মনে করিয়ে দেয়।
কানাডার টরন্টোয় এডামস পার্কে সারি সারি গাছ, তার মাঝে সবুজ ঘাসে চাদর বিছিয়ে সবজি নিয়ে বসে আছে এক বাংলাদেশি শিশু, অপেক্ষা করছে ক্রেতার।
মাথায় লাল গামছা, পরনে লুঙ্গি। সামনে থরে থরে সাজানো লাউ, শিম, টমেটো, বেগুন, পুঁইশাক আর কাঁচা মরিচ যেন বাংলাদেশের কথাই মনে করিয়ে দেয়।
না। সত্যিই এ পেশায় নামেনি সে, প্রবাসী সংগঠন ‘চট্টগ্রাম সমিতি কানাডা ইনক’ এর বার্ষিক বনভোজনে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
প্রবাসী শিশু-কিশোরদের এমন নানা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে রোববার সংগঠনটি এ আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় তারা। আশপাশের অনেক শহর থেকে বনভোজনে অংশ নেন চট্টগ্রামবাসীরা।
আয়োজনে আরও ছিল- মোরগ লড়াই, বিস্কুট দৌড়, বলীখেলা, প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ, মাইজভান্ডারী গান, নাচ, কবিতা আবৃত্তি ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনী। বলীখেলায় ৮ বলী অংশ নেন। মোহাম্মদ শওকত আলী চ্যাম্পিয়ন ও রনি বলী রানার্সআপ হন।
বনভোজনে অংশ নেন ‘দৈনিক পূর্বকোণ’ পত্রিকার সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শাহাদাত হোসেন খান ও অধ্যাপক সদরুল হক চৌধুরী।
উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী, বনভোজন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী ওসমান, অর্থ সম্পাদক মাহবুবুল ইসলাম সাইফুল, সহ-সভাপতি এমদাদ চৌধুরী, সহ-সভাপতি হুসাইনুজ্জামান শামীম, যুগ্ম আহ্বায়ক আমিন চৌধুরী, সাহেদ তাহের মোহাম্মদ শাহজাহান, ক্রীড়া সম্পাদক আনোয়ার সালাম ও সহ- ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী।
