মালদ্বীপে অবৈধ অভিবাসী অভিযান, আতঙ্কে বাংলাদেশিরা
বর্তমানে মালদ্বীপে প্রতিদিনই চলছে অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান।
মালদ্বীপে ‘অবৈধভাবে কর্মরত ও ব্যবসা পরিচালনার’ দায়ে গত ৯ মাসে ৩ হাজারেরও বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির বর্তমান প্রশাসন। এতে বৈধ কোনো কাগজপত্র নেই এমন বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীরা আতঙ্কে আছেন।
বুধবার দেশটির অভিবাসন নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান জেনারেল মোহাম্মদ শাম্মান ওয়াহেদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ‘পিএসএম নিউজের’ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
শাম্মান ওয়াহেদ বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে চলতি ২৫ অগাস্ট পর্যন্ত, মালদ্বীপ থেকে মোট ৩ হাজার ৩২২ জন অভিবাসীকে দ্রুত নির্বাসিত করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে নির্বাসিত অভিবাসীর সংখ্যা বেড়েছে ৬৪ দশমিক ৩ শতাংশ।”
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানের ফলে ‘অবৈধ ব্যবসা এবং খাদ্য উৎপাদনের’ সঙ্গে জড়িত বেশ কয়েকজন অভিবাসীকে আটক করা হয়েছে। তারা দেশটির খাদ্য নিরাপত্তার ‘মান পূরণ করতে ব্যর্থ’ হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব ব্যবসায়ীদেরও দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে প্রতিবেদনে লেখা হয়।
গত ডিসেম্বরে ‘পিপলস ন্যাশনাল কংগ্রেস’ মালদ্বীপের ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসন মোকাবেলার উদ্যোগটি সামনে আসে। জুলাই মাসে দেশটির মন্ত্রিপরিষদে এটি উপস্থাপিত হলে রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জ তা অনুমোদন করেন। এতে বলা হয় স্থানীয় নাগরিকদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে মালদ্বীপে প্রতিদিনই চলছে অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান। বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ ভিসা নেই এমন অভিবাসীদের বিষয়ে তথ্য নিচ্ছে সরকার।
এছাড়া জনসাধারণের দেওয়া সন্ধানের ভিত্তিতে অভিবাসীদের বসবাসের এলাকাগুলোয় ‘অপারেশন কুরাঙ্গি’ চলছে, যাতে বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতিতে অবৈধ অভিবাসীদের শনাক্ত করা হচ্ছে। এতে প্রতিদিনই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের আটক করছে দেশটির অভিবাসন পুলিশ।
এতে দেশটিতে থাকা প্রায় দেড় লাখ বাংলাদেশিদের মধ্যে যারা অবৈধভাবে বসবাস এবং ব্যবসা করছেন তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রবাসীরা জানান, নানা জটিলতায় মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরতে হলে এর প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে।
