বেইলি রোডে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি
রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলছেন, “নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে ...।"
রাজধানীর বেইলি রোডে মারামারিতে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বেইলি রোডে একটি খাবারের দোকানের সামনে রমনা থানা ছাত্রলীগ ও পল্টন থানা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ‘হাতাহাতি’ হয় বলে রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।
তিনি বলেন, “একজনের মাথায় আঘাত লেগেছে, হাসপাতালে গেছে বলে শুনেছি।”
মারামারির কারণ জানতে চাইলে তিনি বলেন, “নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে ...।"
মারামারিতে আহত পল্টন থানার শান্তিনগর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলামকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের ছাত্র মফিজুল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সমর্থক।
আর অন্য পক্ষের রমানা থানা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেনের অনুসারী।
মফিজুলের সহযোগীদের দাবি, তিন দিন আগে কামরুলের অনুসারীরা বিকট আওয়াজ করে বেইলি রোডে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তখন মফিজুলসহ কয়েকজন ‘প্রতিবাদ’ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে এক দফা মারামারি হয়।
মফিজুলের বন্ধু তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের ওই ঘটনার মীমাংসার জন্য আমাদের ডাকা হয়েছিল। পরে অতর্কিতে আমাদের ওপর হামলা করে।"
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা আমি শুনেছি, কি হয়েছে এখনও বলতে পারছি না।"
আর সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ বলেছেন, বিষয়টি তার ‘জানা নেই’।
