আওয়ামী লীগ ‘বর্গির ভূমিকায়’: ফখরুল
“আমাদেরকেও গান গাইতে হবে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্যে যে, আওয়ামী লীগ এলো দেশে- এই কথা বলে”, বলেন বিএনপি মহাসচিব।
অষ্টাদশ শতাব্দীতে অশ্বারোহী মারাঠা সৈন্যদল বর্গি যেভাবে লুটতরাজ চালাত, তার সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের তুলনা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, “এই সরকার- আমি যেটা বলার চেষ্টা করি এটা হচ্ছে বর্গিদের সরকার। আমি ছোটোবেলা গান শুনতাম, মা ঘুম পাড়াতেন ভয় দেখিয়ে যে- ছেলে ঘুমাল, পাড়া ঘুমাল, বর্গি এলো দেশে। আজকে এরা (ক্ষমতাসীন দল) সেই বর্গির ভূমিকা পালন করছে।
“আমাদেরকেও গান গাইতে হবে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্যে যে, আওয়ামী লীগ এলো দেশে- এই কথা বলে।”
মির্জা ফখরুল বলেন, “জ্বালানি খাতকে তারা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে দুর্নীতির জন্য। শুধু জ্বালানি খাত কেন? সমস্ত খাতকে, বাংলাদেশের কোনো খাত বাকি রাখেনি।
“আপনারা দেখেন, কিছুদিন আগে কোভিডের সময় কীভাবে মানুষের জীবন নিয়ে, স্বাস্থ্য নিয়ে তারা দুর্নীতি করেছে? আপনারা দেখেছেন উত্তরায় গার্ডার পড়ে গিয়ে কিভাবে পাঁচজনের জীবন গেলো, সেতু ও সড়ক খাতে দেখবেন- সারাদেশে প্রতিদিন কয়েকশ মানুষ মারা যাচ্ছে দুর্ঘটনায়।”
দেশের স্বাধীনতার লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “এই জাতিকে এই দেশকে যারা ১৯৭১ সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, ২ লক্ষ আমাদের মা-বোনদের সম্ভ্রম চলে গিয়েছিল; বর্তমানের এই দেশকে দেখার জন্য নয়।
“আমরা একটা স্বাধীন- সার্বভৌম, একটা গণতান্ত্রিক সমাজ আমরা দেখতে চেয়েছিলাম, একটা মুক্ত উদার গণতন্ত্রের মধ্যে আমরা বাস করতে চেয়েছিলাম। আজকে এরা কী করেছে? এরা সম্পূর্ণভাবে দেশটাকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে।”
‘বারবার চক্রান্তের কথা কেন?’
বিএনপি মহাসচিব বলেন, “গতকাল ওই জায়গায় (২১ অগাস্টের ঘটনাস্থল) উনি (প্রধানমন্ত্রী) গেছেন। ওখানে উনি অনুষ্ঠান করেছেন, স্মরণ করেছেন, ওখানে চারদিকে ঘিরে দিয়ে।
“বারবার এ কথা বলছেন কেন- আবার সেই ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে? তাহলে কী দেশ আপনারা ১৫/১৬ বছরে ধরে চালালেন এবং বললেন যে, টেরোরিজমকে আপনারা উধাও করে দিয়েছেন। সেখাতে আবার সেই চিন্তা আসছেন কেন “
মির্জা ফখরুল বলেন, “জনগণ আজকে নিজেরাই রাস্তা দখল করেছে, গেইট ঘেরাও করেছে, থানা ঘেরাও করেছে।
আজকে রাস্তায় বেরিয়ে এসেছে আমাদের চা শ্রমিকরা ন্যূনতম দাবি নিয়ে, ৩০০ টাকা। সেখানে কিন্তু ১০ হাজার/১২ হাজার টাকা বেতনও তাদের আসে না।
“এক দিকে ২৮শ টাকার পার ক্যাপিটা ইনকাম, আরেক দিকে ১২০ টাকা বেতন! এই যদি দেশ হয়, এই যদি একটা সমাজ হয়, এই যদি একটা অর্থনৈতিক হিসাব হয়; তাহলে সেই স্বাধীনতার কোনো মূল্য আছে বলে আমরা মনে হয় না।”
জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগে ‘দুর্নীতি জ্বালানি সংকটের উৎস’ শীর্ষক এই সেমিনার হয়। তাতে মূল প্রবন্ধ পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যিনি ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ছিলেন।
তিনি বলেন, “সরকারের নিশিরাতের গণবিরোধী সিদ্ধান্তে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। দুর্নীতিবাজ ও লুটেরা এই সরকারের পক্ষে দেশের অর্থনীতিতে পুনরূদ্ধার করা সম্ভব নয়। কেননা এদেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।
“সরকার জনগণের চেয়ে তাদের নিজস্ব ব্যবসায়ী ও সিন্ডিকেটের স্বার্থকে অতিমাত্রায় প্রাধান্য দেওয়ায় সাধারণ জনগণের কাঁদে সমস্ত আর্থিক বোঝা চেপে বসেছে। এমতাবস্থায় অবিলম্বে প্রবল গণ আন্দোলন গড়ে তুলে এই অবৈধ লুটেরা সরকারকে বিতাড়িত করতে হবে। এর কোনো বিকল্প নেই।”
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞ এম জাকির হোসেন, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, ইউনির্ভাসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
সেমিনারে বিএনপির ইসমাইল জবিউল্লাহ, মশিউর রহমান, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, সেলিম ভুঁইয়া, এ বি এম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, শাহ নেসারুল হক, তাইফুল ইসলাম টিপু, আকরামুল হাসান, শায়রুল কবির খান, রুমিন ফারহানাসহ বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
