২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ ও  তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা ছাড়া সংলাপ নয়: ফখরুল

মির্জা ফখরুল বলেন, “নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ আবার আসুক আমরা স্বাগত জানাব ।“

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 06:07 PM

Updated : 06 Jul 2023, 06:07 PM

পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা না দিলে সরকারের সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নির্বাচনে এলে সংলাপ হবে- প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি তো আগে বলেছি, আমরা কোনো ফরমেটেই সংলাপে যেতে চাই না, যতক্ষণ না সরকার ঘোষণা দেবে যে, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে… এই ঘোষণা সরকারকে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করেই দিতে হবে। এ ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না।”

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, “নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ আবার আসুক আমরা স্বাগত জানাব। কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করবেন আর বলবেন সব ত্যাগ স্বীকার করব… এটা ঠিক নয়।”

তিনি বলেন, “আগামী নির্বাচন এদেশের জন্য, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের ওপর নির্ভর করবে, জাতির অস্তিত্ব থাকবে কি থাকবে না; এই নির্বাচনের ওপর নির্ভর করবে জাতির স্বাধীনতা থাকবে কি থাকবে না; এই নির্বাচনের ওপর নির্ভর করবে এদেশের জাতি একটা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে পারবে কি পারবে না।

“এসব বিষয়ের জন্য আমরা পরিষ্কার করে বলছি যে, এই নির্বাচনটা অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে এবং এই সরকারকে পদত্যাগ করতে হবে। এটা আমরা বার বার করে বলছি। তারা বার বার সংবিধানের কথা বলে। সংবিধান তারাই কেটেছেঁটি এমন জায়গা নিয়ে এসেছে, ওটার অধীনে নির্বাচনের কোনো সুযোগ নাই।”

এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বিএনপির বৈঠক হয়। বৈঠকে চলমান আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, জাগপার রাশেদ প্রধান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম খান, ন্যাপের আজহারুল ইসলাম, জাস্টিস পার্টির সৈয়দ জাবেদ মোহাম্মদ সালেহ উদ্দিন, ইসলামিক পার্টির আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু বৈঠকে উপস্থিত ছিলেন।