২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কি আঙুল চুষবে, প্রশ্ন কাদেরের

নির্বাচন সামনে রেখে বিএনপি দেশে আবার ‘অস্থির উত্তেজনাকর’ পরিস্থিতি তৈরি করতে চায় বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

পুলিশ কি আঙুল চুষবে, প্রশ্ন কাদেরের

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2022, 04:19 PM

Updated : 05 Aug 2022, 04:59 PM

ভোলার সংঘাতের ঘটনায় বিএনপি নিজেদের ‘ঘাতক’ চেহারা স্পষ্ট করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন পুলিশের ওপর হামলা হলে এ বাহিনীর সদস্যদের বসে থাকা উচিত কি না।

তিনি বলেছেন, “ভোলার ঘটনা কে ঘটিয়েছে ভিডিও ফুটেজ দেখুন, কীভাবে ঘটেছে, কারা আক্রমণ করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে কারা মিছিল করেছে, কারা পুলিশের উপর হামলা করেছে। পুলিশ কী করবে? আঙুল চুষবে? তাদের (বিএনপি) ঘাতক চেহারা ভোলায় স্পষ্ট করেছে।”

ভোলায় গত সপ্তাহে এক প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক দলের এক কর্মী গুলিতে নিহত হন। পরে হাসপাতালে মারা যান জেলা ছাত্রদলের সভাপতি।

বিএনপির অভিযোগ, পুলিশের গুলিতেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে পুলিশ ওই ঘটনায় যে দুটি মামলা করেছে, তাতে বিএনপি নেতাকর্মীদেরই আসামি করা হয়েছে।

শুক্রবার বঙ্গব্ন্ধুর ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোলার ঘটনা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

তার ভাষায়, “বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়েছে, অগাস্ট মাস এলেই বিএনপি সত্যের মুখোমুখি হতে ভয় পায়। “

নির্বাচন সামনে রেখে বিএনপি দেশে আবারও ‘অস্থির উত্তেজনাকর’ পরিস্থিতি তৈরি করতে চায় বলেও অভিযোগ করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “আবারও আগুন সন্ত্রাস করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়। এবং নির্বাচনে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা প্রস্তুত আছি।“