২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে সরকার ‘ভীত’: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের দাবি, গত ২২ অগাস্ট থেকে সারা দেশে তাদের কর্মসূচিতে ‘হামলায়’ ৭ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

আন্দোলনে সরকার ‘ভীত’: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 04:47 PM

Updated : 29 Aug 2022, 04:47 PM

বিএনপির আন্দোলনে সরকার ‘ভীত হয়ে দমননীতি চালিয়ে যেতে শুরু করেছে’ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারাদেশের উপজেলা পর্যায়ে দলের চলমান কর্মসূচিতে ‘হামলার’ বিভিন্ন ঘটনা তুলে ধরেন তিনি।

এসব ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কের্মীদের দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, “সারাদেশে এতদিন ধরে আওয়ামী সন্ত্রাসীরা যে ত্রাস সৃষ্টি করেছে তারা এখন একটা নতুন মাত্রা যোগ করেছে, নেতা-কর্মীদের বাসা-বাড়িতে হামলা শুরু করেছে।

“বিভিন্ন সভা-সমাবেশে, দলীয় কার্যালয়ে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে আওয়ামী লীগ-যুব লীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, নেতা-কর্মীদের খুন-জখম করছে।”

সরকার দেশে ‘নৈরাজ্য সৃষ্টি পাঁয়তারা’ করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “একবারও তারা (ক্ষমতাসীন দল) চিন্তা করছে না যে কাজটা তারা শুরু করেছে- এটা সমগ্র দেশে নৈরাজ্য সৃষ্টি করবে।

“প্রকৃতপক্ষে এই আন্দোলনে সম্পূর্ণভাবে বর্তমান অবৈধ সরকার তারা ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে আজকে আবার সেই তাদের দমননীতি চালিয়ে যেতে শুরু করেছে।”

কর্মসূচি

মির্জা ফখরুল বলেন, তাদের ঘোষিত উপজেলা-থানা-পৌরসভা-ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

“যেসব উপজেলা ও থানায় এখনও কর্মসূচি হয়নি, সেগুলোতে এ বিক্ষোভ কর্মসূচি হবে। এরপরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে গত ২২ আগস্ট থেকে উপজেলা-থানা-পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

সংবাদ সম্মেলনে যশোর, মুন্সিগঞ্জে, টাঙ্গাইল, ফেনী, সাতক্ষীরা, পটুয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ঠাকুগাঁও, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, মাগুরা, গাইবান্ধা, বরিশাল, খুলনা, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়ীয়া, নরসিংদী, রাজশাহী, নোয়াখালী, ভোলা, নাটোর, কুমিল্লা, নড়াইলের বিভিন্ন উপজেলায় গত ২২ অগাস্ট থেকে চলমান বিক্ষোভ সমাবেশে ‘আওয়ামী লীগ ও পুলিশি হামলার’ অভিযোগ তুলে ধরেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “এ পর্যন্ত এসব হামলার ঘটনায় আহত হয়েছেন ৭ শতাধিক নেতা-কর্মী। মিথ্যা মামলা দায়ের করা হয়েছে কয়েক হাজার নেতা-কর্মীর নামে। মোট গ্রেপ্তারের সংখ্যা এখন পর্যন্ত হয়েছে ৬০ জনের অধিক।”

অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবুল কালাম আজাদ, আসাদুল করীম, শাহিন, তাইফুল ইসলাম টিপু, সাইফুল আলম নিরব, শ্রমিক দলের আনোয়ার হোসাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।