২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করা কি অন্যায়? প্রশ্ন রিজভীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে কী সাফল্য পেয়েছেন, সেই প্রশ্নও তুলেছেন এই বিএনপি নেতা।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করা কি অন্যায়? প্রশ্ন রিজভীর

বুধবার মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 03:33 PM

Updated : 07 Sep 2022, 03:33 PM

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করলেই সরকার বিএনপি নেতা-কর্মীদের ওপর ‘নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করা কি অন্যায়? মূল্য বৃদ্ধি হলে একটা দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা, জনগণকে সংগঠিত করা- কেনো আজকে খাদ্য পণ্যের দাম বাড়ছে?”

“নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে যখনই আমরা কথা বলতে যাচ্ছি, তখনই সরকার নিপীড়ন-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে নেতাকর্মীদের ওপর।”

বুধবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর কথা বলছিলেন এই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করলেই সরকার ষণ্ডমূর্তি নিয়ে নেতা-কর্মীদের ওপর হামলা করছে। আপনারা দেখেছেন- এই দুই দিনের মধ্যে ডিমের হালি ৫৫ টাকা হয়েছে। প্রতিটি খাদ্যপণ্যে শাক-সবজি, ডাল, চাল প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে।

“আপনারা দেখেছেন, সেখানে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী কী নির্মমভাবে আক্রমণ করছে প্রতিনিয়ত, প্রতিমুহূর্তে। গতকালও নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল করার সময়ে সেখানে হামলা করা হয়েছে। প্রতিদিন আপনারা দেখবেন শুধু রক্তপাতের ঘটনা, শুধু বিএনপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত আক্রমণের ঘটনা।”

রিজভী বলেন, “শত শত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আজকে শত শত নেতাকর্মী ঘর ছাড়া, মহল্লা ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া। অথচ এই অবস্থার মধ্যে তারা দিনাতিপাত করছে। তারা কি অন্যায় করেছে?”

জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির আহ্বায়ক রুমা আখতার ও সদস্য সচিব নাসিমা আখতার কেয়ার নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বেলা ১১টায় জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এরপর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

বাংলাদেশের ‘ক্ষমতায় টিকে থাকতে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন কিনা, সেই প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেন, “দেশের মানুষকে ক্ষুধায় রেখে, অনাহারে রেখে, তাদেরকে তীব্র একটা দুর্ভিক্ষ অবস্থার মধ্যে ফেলে আজকে প্রধানমন্ত্রী ভারত সফর করছেন। আমার বক্তব্য হচ্ছে, আপনি সেখানে গিয়ে তো এখনও তিস্তা চুক্তি করতে পারেননি।

“আপনি এখনও আমাদের অভিন্ন নদীগুলো ন্যায্য হিস্যা বা পাওনা আদায় করতে পারেননি। আজকে জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছেন অথচ আমাদের ন্যায্য হিস্যার কথা আপনি একবারও বলেননি।”

রিজভী বলেন, “তাহলে আপনি কি ক্ষমতায় থাকার জন্য যেটি আপনার পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, সেজন্য দেন-দরবার করতে সেখানে গেছেন। এই দেন-দরবার করতে গিয়ে আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব কতটুকু বিক্রি করছে এটাই এখন দেখার বিষয়।”

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান শ্রদ্ধা নিবেদনের সময় রিজভীর সঙ্গে ছিলেন।