২১ অগাস্টের দায় বিএনপির ওপর ‘চাপানো হয়েছে’: রিজভী
রিজভীর প্রশ্ন, তাহলে কি যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেনের হামলার দায় জর্জ ডব্লিউ বুশের?
বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্টের গ্রেনেড হামলার পর সে সময় ক্ষমতায় থাকা বিএনপি যে সুরে কথা বলেছিল, ১৮ বছর পর সেই একই কথা বললেন দলটির নেতা রুহুল কবির রিজভী।
তার ভাষায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার ওই ঘটনা ছিল তাদেরই ‘মাস্টার প্ল্যান’, অথচ তারা বিএনপির ওপর ‘দায় চাপায়’।
“তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় আসার পর তাদের দলের পছন্দ করা একজন লোককে আইও (তদন্তকারী কর্মকর্তা) নিয়োগ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নেতৃবৃন্দের নাম ঢুকিয়েছে। এটাতেই বোঝা যায়, একেবারে পরিকল্পিত মাস্টার প্ল্যান অনুযায়ী বিএনপির নেতৃবৃন্দকে হেয় করার জন্য, বিএনপির সরকারকে হেয় করার জন্য তারা (আওয়ামী লীগ) ২১ অগাস্টের ঘটনা ঘটিয়েছে।
“এর সাথে এই (আওয়ামী লীগ) সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত, তাদের দেশীয় ও আন্তর্জাতিক প্রভুরা জড়িত আছে।”
রোববার দুপুরে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী এ মন্তব্য করেছেন।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়, তাতে নিহত হন ২৪ জন।
সে সময় ক্ষমতায় থাকা বিএনপি নেতারা তখনও আওয়ামী লীগ নেতাদের দায়ী করে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু বিএনপি আমলে যে তদন্ত বাধাগ্রস্ত করা হয়েছিল, তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাই যে ছিলেন হামলার মূল লক্ষ্য, পরে মামলার বিচারে তা উঠে আসে।
অবশ্য বিএনপি নেতা রিজভীর দাবি করছেন, তাদের ওপর ‘দায় চাপাতেই’ তাদের দলের নেতাদের আওয়ামী লীগের সময়ে এ মামলায় ‘জড়ানো হয়েছে’।
“তাদের আন্দোলনের ফসল মইনুদ্দিন-ফখরুদ্দিন কিন্তু চার্জশিটে আমাদের নেতাদের নাম দেয়নি, এটা বুঝতে হবে বিষয়টা কী। আওয়ামী লীগের আমলে তো তারা বহু গুম-খুন করে যাচ্ছে। আরও তো ঘটনা ঘটছে, বিডিআরের ঘটনা। ওই ঘটনার দায় তাহলে শেখ হাসিনার, আওয়ামী লীগের। অনেক জাতীয়-আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে একটা দল ক্ষমতায় থাকলে।“
রিজভীর যুক্তি, “যুক্তরাষ্ট্রে যে নাইন ইলেভেন হয়েছে, তখন বুশ ক্ষমতায় ছিলেন। ওখানে কি বিরোধী দল বলেছে যে বুশ এটার জন্য দায়ী? তা বলেনি।”
তিনি বলেন, “আপনি দেখেন, অনেক লোক ওখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ নেতাদের কিছু হয়নি। তো এটাতেই প্রমাণিত হয় যে, এটা একটা চক্রান্তমূলক ঘটনা ঘটানো হয়েছে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করার জন্য।”
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘স্বাধীনতাবিরোধী’
ভারত নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে... উনার কথা তো সাংঘাতিকভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রবিরোধী।
“একটি সরকার নিয়ে প্রচণ্ড সমালোচনা রয়েছে। আপনদের চোখের সামনে একটা নিশিরাতের ভোটে যে সরকার হয়েছে, সেই সরকারকে টিকিয়ে রাখার জন্য অন্যদেশের কাছে ভিক্ষা প্রার্থী...। এটা তো জঘন্য কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এই কথাটা উনার কথা না, সরকারের কথাটাই উনার মুখে প্রতিধ্বনিত হয়েছে।”
রিজভী বলেন, “যে দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজের দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে, স্বাধীনতাকে অবজ্ঞা করে, এ কথা বলতে পারে, তাহলে এটা কী ধরনের সরকার।”
বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদানে প্রস্তুত হচ্ছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, “উনারা তো বেহেশতে আছেন, যার কারণে এই ধরনের কথাবার্তা বলছেন। উনারা যদি মাটিতে থাকতেন, পৃথিবীতে থাকতেন, মর্ত্যলোকে থাকলে তো এসব কথা বলতে পারতেন না।
“মানুষ ও দেশবাসী যেটা ভাবছে যে, উনারা আসলে পালানোর পথ খুঁজছেন। কোন পথ দিয়ে পালাবেন সেই পথটা খুঁজছেন।”
রিজভী বলেন, “তারা পাসপোর্ট রেডি করছেন বলে শোনা যাচ্ছে নানাভাবে। তারা পাসপোর্টে ভিসা চাচ্ছে, কিন্তু বহু দেশ তাদেরকে ভিসা দিচ্ছে না। এটাও আমরা বিভিন্নভাবে জানতে পারছি। নিজের ঘরটা সামাল দিয়ে অন্যের কথা বলুন।”
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ সময় উপস্থিত ছিলেন।
