কারা চক্রান্তে, তদন্তের দাবি বিএনপির হারুনের
আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আসলেই চক্রান্ত হচ্ছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমন শঙ্কা প্রকাশের পরদিন বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।
সাবেক তথ্যমন্ত্রী আজাদ বৃধবার সংসদে বলেছিলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। অর্থের বিনিময়ে ‘সরকারি দলের লোকজনও’ এই চক্রান্তের সঙ্গে জড়িত।
আজাদের ওই বক্তব্যের প্রসঙ্গ ধরে হারুন বলেন, “সরকারি দলের একজন সংসদ সদস্য সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সংসদে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছেন। আমি স্পষ্ট জানতে চাই। এটি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আসলেই এ ধরনের চক্রান্ত হচ্ছে কি না।”
কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তা বের করতে ‘গভীরভাবে’ তদন্ত করার দাবি জানান হারুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বার বার হামলার প্রসঙ্গ ধরে ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম সম্প্রতি বলেছিলেন, বিশ্বে বাংলাদেশের সরকারপ্রধানকেই ‘সবচেয়ে বেশি’ নিরাপত্তা ঝুঁকিতে থাকতে হয়।
সংসদে আলোচনায় হারুন দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, “যারা গুম হয়েছে, তারা কি আইনের আশ্রয় পাবে না? যারা আন্দোলন-সংগ্রামে গুলিতে মারা যাচ্ছে, তা এক জিনিস আর গুম সম্পূর্ণ ভিন্ন বিষয়। মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা- এসব বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার।”
তিনি প্রশ্ন রাখেন, “দুর্নীতি, টাকা পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সড়ক দুর্ঘটনা এগুলো কি কমেছে? নির্বাচন ব্যবস্থার কি উন্নয়ন হয়েছে?”
বর্তমান নির্বাচন কমিশনকে ‘জাদুর বাক্স’ আখ্যা দিয়ে বিএনপির এ সংসদ সদস্য প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “যাদের দায়িত্ব দিয়েছেন তাদের সংযত হয়ে কথা বলতে বলুন।”
ইভিএম নিয়ে নির্বাচন কমিশনাদের বক্তব্যের সমালোচনা করে হারুন বলেন, “দায়িত্ব নিয়ে বলছি, গত নভেম্বরে আমার নির্বাচনী এলাকায় ইভিএমে যে পৌরসভা নির্বাচন হয়েছে, সেখানে ভোট ডাকাতি হয়েছে।
“যদি নির্বাচন কমিশন প্রমাণ করতে পারে যে ডাকাতি হয়নি তাহলে যে জরিমানা করবে তা আমি দেব।”
প্রধানমন্ত্রী বলার পরও বাধা কেন: রুমিন
প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি বৃহস্পতিবার সংসদে বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন, বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। কিন্তু পুলিশ প্রশাসনের আচরণ আরেক রকম। প্রধানমন্ত্রী একধরনের আশ্বাস দিচ্ছেন। আর যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা বিরোধী দলের সঙ্গে অন্যরকম আচারণ করছে।”
বিএনপির কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ কেন মাঠে নামছে-এমন প্রশ্ন তুলে রুমিন বলেন, “আওয়ামী লীগ বলছে, নাশকতা ঠেকাতে তারা মাঠে আছে। নাশকতা ঠেকানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঠে থাকতে হলে পুলিশ প্রশাসন পুষে লাভ কী?”
রুমিন বলেন, “সরকার যদি মনে করে, ২০১৪ এবং ২০১৮ সালের কায়দায় খেলা হবে বলে অন্ধকারে কিংবা খেলা হবে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তাহলে ভুল করবে।”
ভোলায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলটির দুজনের মৃত্যুর কথা তুলে ধরে রুমিন বলেন, সেই হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি। কিন্তু বরগুনায় শৃঙ্খলাভঙ্গের জন্য ছাত্রলীগের গায়ে পুলিশের লাঠির বাড়ি পড়ার আগেই পুলিশ বদলি করা হয়েছে।
পরে রুমিনের বক্তব্যের জবাবে সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য তোফায়েল আহমেদ। প্রথমেই তিনি বলেন, তিনি সাধারণত ‘পয়েন্ট অব অর্ডারে’ দাঁড়ান না।
ভোলার সংসদ সদস্য তোফায়েল বলেন, “সেদিন মিছিল শুরুর আগেই বিএনপির নেতা-কর্মীরা লাঠি-সোঁটা, ইঁট-পাটকেল ছুড়ে পুলিশকে আক্রমণ করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেদিন মাঠেই নামেনি। ২০০১ সালের নির্বাচনের পর ভোলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়ি ঘরেই থাকতে পারেননি।”
প্রয়াত রাজনীতিক ওলি আহাদের মেয়ে রুমিনকে ‘স্নেহ’ করেন জানিয়ে বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল বলেন, “কিন্তু রুমিন এমনভাবে কথা বলেন যেন তিনি ঝগড়া করতে এসেছেন। এক তরফা বক্তব্য দেওয়া ভালো নয়।”
