খুলনায় ‘সমস্যা’ করলে দায় সরকারের: ফখরুল
ফখরুল বলছেন, তাদের সমাবেশ আটকাতে সরকার ‘সন্ত্রাসের রাজত্ব’ সৃষ্টি করেছে খুলনায়।
খুলনায় বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে সরকার বিএনপি নেতাকর্মীদের ‘গ্রেপ্তার ও হয়রানি’ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বলেন, “আগামীকাল (শনিবার) খুলনায় আমাদের বিভাগীয় সমাবেশ আছে। এই সমাবেশকে কেন্দ্রে করে সরকার ইতোমধ্যে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে খুলনায়। তারা পথে পথে নেতা-কর্মীদেরকে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে।
সমাবেশে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, তার সকল দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। এটা প্রমাণিত হবে যে, এই সরকার আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, আমাদের সভা-সমাবেশ তারা করতে দিতে চায় না।”
সংবাদ সম্মেলনে এ বিএনপি নেতা বলেন, “গতকাল রাতে তারা আমাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যেখানে তিনি এটার (সমাবেশের) দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে গিয়েছেন, তিনি যে বাসায় অবস্থান করছেন, সেখানে পুলিশ রেইড করেছে এবং সেখান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
“আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি, এখন নির্দেশ দিয়েছে যে, পথে পথে যাকে যেখানে পাওয়া যাবে তাকে সেখানে গ্রেপ্তার করার জন্য।”
ফখরুল বলেন, “গতকাল তারা রামদা, লাঠি-সোঁটা অস্ত্র নিয়ে শোডাউন করেছে, মোটরসাইকেল নিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে।
“আমি এই গ্রেপ্তার এবং এই সন্ত্রাস সৃষ্টি করবার যে প্রচেষ্টা, তার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।”
খুলনা শহরের সোনালী ব্যাংক চত্বরে শনিবার বিভাগীয় গণসমাবেশ করার ঘোষণা রয়েছে বিএনপির। এই কর্মসূচি ঘিরে শুক্রবার সকাল থেকে আন্তঃজেলা বাস বন্ধ রেখেছেন খুলনার বাস মালিক-শ্রমিকরা। শনিবারও তাদের ‘ধর্মঘট’চলবে।
এই ধর্মঘটের পেছনে সরকারের হাত রয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “আজ যেটা হয়েছে যে, সমস্ত গণপরিবহন তারা বন্ধ করে দিয়েছে এবং কথা আছে যে, ট্রেন তারা… লঞ্চও বন্ধ করছে। কিন্তু এটাতে সাধারণ মানুষের যে জীবনযাত্রা, তাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ব্যাহত করছে।”
ফখরুল বলেন, “এখানে প্রমাণিত হয়েছে যে, সরকার চায় না যে, মানুষ একটা গণতান্ত্রিক উপায়ে তাদের যে কথা, তাদের যে বক্তব্য, তাদের যে প্রতিবাদ সেটা প্রকাশ করুক। তারা একটা সংঘাতে দিতে চলে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
“আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে এই রাস্তা থেকে ফিরে এসে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আহবান জানাচ্ছি।”
সরকার ‘ভয়ের রোগে’ আক্রান্ত
সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “খুলনায় নিশ্চয় আপনাদের প্রতিনিধিরা আছেন, তাদের কাছ থেকে জানতে পারবেন। আজকের পত্র-পত্রিকায় রিপোর্ট আপনারাই করেছেন। প্রত্যেকটা পত্র-পত্রিকায়… যে কীভাবে তারা (সরকার) একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাচ্ছে। এটা তারা ময়মনসিংহে করেছিল, চট্টগ্রামে করেছিল।
“কারণ তো একটাই। এরা (সরকার) জনভীতি রোগে ভোগে। এটা হচ্ছে ‘পিপল ফোবিয়া’ রোগ হয়েছে তাদের। মানুষ দেখলেই ভয় পায়। যে কারণে তারা নির্বাচনগুলো ওইভাবে করে যাতে করে জনগণকে বাদ দিয়ে করা যায় সেই পদ্ধতিতে তারা নির্বাচন করছে। রাষ্ট্র চালাতে চায় তারা মানুষকে বাদ দিয়ে। এটা তাদের অসুখটাই তাই, রোগটাই তাই।”
সবকিছু বন্ধ রেখে সরকার বিএনপির সমাবেশগুলো বন্ধ করতে চাচ্ছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “ভয়টা কীসের তাদের? কী কারণে তারা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সমাবেশগুলো বন্ধ করতে চাচ্ছে। একটাই তো কারণ। যে মানুষ যদি বাড়তে থাকে তাদের ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।
“জনগণের উত্তাল তরঙ্গে তাদের ভেসে যেতে হবে, এভাবে যদি জনগণ জেগে উঠে, গণঅভ্যুত্থান সৃষ্টি হবে, তখন তাদেরকে অত্যন্ত ধিকৃত অবস্থায় সরে যেতে হবে। এটাই তাদের ভয়।”
‘দুর্নীতির কারণেই দুর্ভিক্ষের বার্তা’
মির্জা ফখরুল বলেন, “আপনারা নিশ্চয় অমর্ত্য সেনের বইটা পড়েছেন। যেখানে উনি ৭৪ সালের দুর্ভিক্ষের পর্যালোচনা করতে গিয়ে স্পষ্ট করেই বলেছেন, ৭৪ সালে দুর্ভিক্ষটা ছিল মানবসৃষ্ট, মানুষদের দ্বারা তৈরি করা।
“অর্থাৎ, তখন যারা ক্ষমতাসীন ছিলেন তাদের অব্যবস্থাপনা, তাদের দুর্নীতি, তাদের অযোগ্য, তাদের অদক্ষতার কারণে সেই দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। আজকে সেই একই ঘটনা বাংলাদেশে ঘটছে। এটা আমরা বারবার করে বলে আসছি।”
দুর্ভিক্ষের আগাম বার্তা পাওয়া যাচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, “আমরা কিছুদিন আগেও বলেছি যে, আগাম পদধ্বনি শোনা যাচ্ছে। নিশ্চয় আপনাদের মনে আছে। তখনও তারা আমাদেরকে…। এখন প্রধানমন্ত্রী নিজেই বলছেন সেটা। এই যে ব্যর্থতা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে, এটা এখান থেকে প্রমাণিত হয়।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
