২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগীয় সমাবেশে ‘গণঅভ্যুত্থানের’ প্রকাশ ঘটবে: ফখরুল

সরকার পতন আন্দোলন নিয়ে দ্বিতীয় দফায় ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপ করেছেন বিএনপি মহাসচিব।

বিভাগীয় সমাবেশে ‘গণঅভ্যুত্থানের’ প্রকাশ ঘটবে: ফখরুল

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার বিকালে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপের পর সাংবাদিকদের সামনে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 09:58 PM

Updated : 11 Oct 2022, 09:58 PM

বিএনপির আসন্ন বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগমে ‘জনগণের অভ্যুত্থানের’ প্রকাশ ঘটবে বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপের পর তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের প্রত্যাশা জনগণের একটা অভ্যুত্থান হবে; এই সমাবেশগুলোর মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে। জনগণ আসবে এসব সমাবেশে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাব।”

গত ২৭ সেপ্টেম্বর বিএনপি দেশের সব বিভাগে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করে, যার প্রথমটি হচ্ছে চট্টগ্রামে। বুধবার বিকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের সেই সমাবেশে প্রধান অতিথি থাকবেন ফখরুল।

এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায় ও ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ হবে।

দেশের সব বিভাগে গণসমাবেশের পর ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং দলীয় কর্মী- ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিম হত্যার প্রতিবাদে বিভাগীয় শহরে এই কর্মসূচি হচ্ছে।

দুই শরিক দলের সঙ্গে সংলাপ

২০ দলীয় জোটের দুই শরিকের সঙ্গে সংলাপের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা এই অনির্বাচিত, গণতন্ত্র হরণকারী, মানবাধিকার হরণকারী, লুটেরা সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করার লক্ষ্যে বেশ কিছু দিন ধরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছি। একদফা সংলাপ শেষ করেছি। আজকে দ্বিতীয় দফার সংলাপ করছি। এখানে আমরা যুগপৎ আন্দোলনের মূল দাবিগুলো নিয়ে কথা বলছি।

“ইতোমধ্যে আমরা ১১টি দলের সঙ্গে কথা বলেছি। আমরা আমরা ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে আলোচনা করেছি। আমরা একমত হয়েছি যে, এই সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তুলবে এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করব।”

এই সংলাপে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, আব্দুল করিম খান, সৈয়দ মোহাম্মদ আহসান, সামছুল হক, কামরুজ্জামান রোকন, আনওয়ান আনসারী, নাসির উদ্দিন, ইলিয়াস রেজা, আব্দুল কাদির ও মজিবুর রহমান।

ডিএলের প্রতিনিধি দলে ছিলেন আকবর হোসেন, খোকন চন্দ্র দাস, কাউসার আলী, ইয়াহিয়া মুন্না, মোহাম্মদ আল আমিন ও মেহতাজ আহসান।

বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দফা সংলাপে এর আগে জাতীয় পার্টি (কাজী জাফর), এলডিপি, কল্যাণ পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, মুসলিম লীগ ও জাগপার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব।