২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসমুদ্র দেখে সরকার ঘাবড়ে গেছে: ফখরুল

ফখরুল বলছেন, সরকার ‘ভয় পেয়েছে বলেই পাল্টা ভয় দেখাতে’ শুরু করেছে।

জনসমুদ্র দেখে সরকার ঘাবড়ে গেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 10:13 PM

Updated : 04 Sep 2022, 10:13 PM

সরকারের ‘পতন না হওয়া পর্যন্ত’ আন্দোলনের কর্মসূচি চলবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের আন্দোলন দেখে সরকার ‘ঘাবড়ে গেছে’।

রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাজপথের আন্দোলনে অলরেডি জনগণ সম্পৃক্ত হচ্ছে- এটাতেই আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। জনসমুদ্র দেখে তারা ঘাবড়ে গেছে, ভয় পেয়েছে। এজন্য তারা পাল্টা ভয় দেখাতে শুরু করেছে।”

“সরকার যদি অশুভ তৎপরতা বন্ধ না করে তাহলে জনগণের ঐক্যের আন্দোলন গণবিস্ফোরণে পরিণত হবে।”

ফখরুল বলেন, “আওয়ামী লীগের তো… একটা কথা আছে না, দুরাত্মার ছলের অভাব নেই। আওয়ামী লীগের কোনো ছলের অভাব নেই। ওরা প্রতি মুহূর্তে ছল তৈরি করে এবং ছল তৈরি করে আন্দোলনকে বিপথে পরিচালিত করে। গণতন্ত্রকে ধবংস করে… এগুলো তাদের একটা কমন ব্যাপার আর কি।

“আমি প্রতিবাদ করছি যে কোনো বিষয়ে। আপনি আমাকে গুলি করে দেবেন। এর থেকে মানবাধিকার লঙ্ঘন কী হতে পারে।”

বিএনপি নেতাকর্মীদের ওপর ‘দমনপীড়নের’ চিত্র তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট, এই সরকারকে অবশ্যই সরে যেতে হবে এবং সরে গিয়ে নিরপেক্ষ একটা তত্ত্বাধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ বিলুপ্ত করতে হবে।

“একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে- এই লক্ষ্যেই আমরা এগুচ্ছি। আমাদের আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে। ১০ তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি আছে সারা দেশে। এরপর আবার নতুন কর্মসূচি জানাব আপনাদেরকে। এই আন্দোলন চলবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত।”

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, “এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা এখনও চলছে।…আমরা আশা করছি, অল্প সময়ের মধ্যে এটাকে চূড়ান্ত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব।”

গত ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় দলীয় কর্মসূচি পালনের সময়ে ‘হামলা, মামলা ও গ্রেপ্তারের’ তালিকা সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “সারাদেশে নিহত হয়েছে তিনজন, আহত হয়েছে ২ হাজারের অধিক নেতা-কর্মী। গ্রেপ্তারের সংখ্যা দুইশর বেশি। সারাদেশে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৪ হাজার ৮১ জনের বেশি নেতা-কর্মীকে, অজ্ঞাতপরিচয় আসামি প্রায় ২০ হাজার।

“সারাদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে ২০/২৫টি স্থানে। ৫০টি স্থানে বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়েছে।”

মির্জা ফখরুল বলেন, “আমরা প্রত্যেক খুন-জখম-হত্যার বিরুদ্ধে অবশ্যই আইনি লড়াই চালিয়ে যাব। একদিকে রাজপথে আন্দোলন করছি। এটাকে আরও বেগবান করব।”

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মর্টারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আসল কথা হচ্ছে একটা অনির্বাচিত সরকার দিয়ে এসব হয় না। যারা নির্বাচিত না, যাদের পিপলস সাপোর্ট নেই তাদের তো শক্তি থাকে না। এই সরকারের তো কোনো শক্তি নেই।

“সে টিকে আছে অন্যদের শক্তিতে। যে কারণে তার নিজের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তার যে ভুমিকা নেওয়া প্রয়োজন সেই ভুমিকা সে নিতে পারে না। ওই বিদেশিদের দ্বারা প্রভাবিত হয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। যেটা আমি সব সময় বলি একটা নতজানু পররাষ্ট্র নীতি-এটা ছাড়া সে টিকেও থাকবে না। সেজন্য ওটাই সে করে।

ফখরুল বলেন, “এই ঘটনার যেভাবে প্রতিবাদ হওয়া উচিত ছিল, যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল…। এটা সেকেন্ড টাইম হল। এখন তারা (সরকার) যেটা করবে, অ্যাম্বেসেডরকে ডেকে বলবে। পরে বলবে যে শক্ত ভাষায় তাকে বলা হয়েছে। ঠিক আছে এটা ডিপ্লোমেটিক নর্মে..।

“মিয়ানমারের সঙ্গে সমস্যার সমাধান এমনিতে হবে না। মিয়ানমারের সঙ্গে সমস্যার সমাধান করতে হলে তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার জন্য তাকে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।”

বিএনপি মহাসচিবের ভাষায়, “এই আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য সবচেয়ে যেটা প্রয়োজন, হেড অব গভার্নর্মেন্ট, তাকেই বিভিন্ন দেশে যেতে হবে এবং যারা রোহিঙ্গা ইস্যুতে সম্পর্ক আছে, ভারত ও চীন- এই দুইটা দেশকে কনভিন্স করতে হবে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য। এটা প্রথম কথা।

“দ্বিতীয় কথা হচ্ছে যে, শক্তি অর্জন করতে হলে যে এদিকে মর্টার মারলে ওদিকেও যাতে মর্টার যায়- সে ব্যবস্থা অবশ্যই তাকে করতে হবে।”