২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চুরির উচ্ছিষ্টভোগী’ হবেন না: আমীর খসরু

“উঁকিঝুঁকি মেরে রাজনীতি করে সুবিধামত এদিক সেদিক করার সেই দিন শেষ হয়ে গেছে,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 09:12 PM

Updated : 26 Oct 2022, 09:12 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনীতিতে এবার রাজনীতিবিদদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নির্ভর করছে কারা জনগণের পক্ষে দাঁড়াচ্ছেন আর কারা বিপক্ষে- সেটির ওপর।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘এবার বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নির্ভর করছে জনগণের পক্ষে কারা দাঁড়াচ্ছে আর জনগণের বিপক্ষে কারা দাঁড়াচ্ছে। এ পরীক্ষায় রাজনীতিবিদদের উত্তীর্ণ হতে হলে জনগণের পক্ষে পরিষ্কার অবস্থান নিতে হবে।

‘‘ওই উচ্ছিষ্টভোগী, চুরির উচ্ছিষ্টভোগী হওয়ার উঁকিঝুঁকি মেরে রাজনীতি করে সুবিধামত এদিক সেদিক করার সেই দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, রাস্তায় নেমেছে। সরকারের পতন হবে ইনশাল্লাহ।”

বর্তমান প্রেক্ষাপটে যুগপৎ আন্দোলনে ‘সরকারের পতন ঘটানো হবে’ দাবি করে আমীর খসরু বলেন, “বিএনপি সেই আন্দোলনের অংশ হিসেবে যে জনসভাগুলো করছে, লক্ষ মানুষের সমাগম, বাধা-বিপত্তি জীবনের বিনিময়ে মানুষ সেখানে উপস্থিত হচ্ছে।

‘‘এটার পেছনে প্রধান কারণটা হচ্ছে আমরা জাতির কাছে স্পষ্টভাবে বলে দিয়েছি, এ ফ্যাসিস্ট সরকারের অধীনে আগামী নির্বাচনে আমরা যাব না। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাব।“

এজন্য তিনি জনগণের পক্ষে অবস্থান নেওয়া রাজনীতিবিদদের আগামী দিনগুলোতে সক্রিয়ভাবে রাজপথে আন্দোলনে থাকার আহ্বান জানান।

বিএনপির এই নেতা বলেন, ‘‘আমি একটা কথা বলতে চাই যারা এখনও উঁকিঝুঁকি মারছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদেরকে বলছি, উচ্ছিষ্টভোগী হবেন না। চুরির উচ্ছিষ্টভোগী হতে যাবেন না দয়া করে। অর্থাৎ আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকার ভোট চুরি করে কিছু কিছু ভাগ দেবে সেই চুরির উচ্ছিষ্টভোগী দয়া করে হবেন না।”

রাজধানীর ফকিরেরপুলে জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘‘আমাদের বড় ক্ষতি হয়েছে যে চেতনায়, যে মানসিকতা, যে ইচ্ছায়, যে আকাংখা নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম তার তেমন কিছুই বাস্তবায়িত হয় নাই।“

বিএনপিকে একটি বৃহত্তর জোট গড়ে তোলার পরামর্শ দিয়ে মানবাধিকার কর্মী ফরহাদ মাজহার বলেন, ‘‘যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটা স্বচ্ছ নির্বাচন দেখতে চায়। সুতরাং এদেশে নির্বাচন হবে।“

গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার সভাপতিত্বে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণ সংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, নৈতিক সমাজের আমসআ আমিন, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বক্তব্য রাখেন।