শেখ রাসেল মানবিকতার প্রতীক হয়ে উঠছে: খালিদ
“শিশু রাসেলের ছবির দিকে তাকালেই দেখি, তার আলোকিত চোখ।”
বিশ্ব যদি সত্য ও মানবিকতার কথা বলে, সেক্ষেত্রে সমগ্র পৃথিবী একদিন শেখ রাসেল দিবস পালন করবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, “শেখ রাসেল সমস্ত পৃথিবীর শিশুদের মানবিকতার প্রতীক হয়ে উঠছে। শিশু রাসেলের মতো অমানবিক হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক।”
মঙ্গলবার ঢাকায় বিআইডব্লিউটিসি কার্যালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, “১৯৭৫ সালে শুধু বঙ্গবন্ধুকে না; তার পরিবারকেও হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে শিশু রাসেলকেও তারা ছাড়েনি। শিশু রাসেলের ছবির দিকে তাকালেই দেখি, তার আলোকিত চোখ। সে বেঁচে থাকলে আমাদের কী দিতে পারতো! শিশু রাসেল রাষ্ট্রীয় কোনো কিছুর সাথে জড়িত ছিল না। তার পরেও তাকে কেন হত্যা করা হলো?
“হত্যাকাণ্ডের সময় রাসেল বলেছিল, ‘আমি মায়ের কাছে যাব। আমাকে মেরো না; আমি কখনও পরিচয় দিব না।‘
তার পরেও ঘাতকরা শিশু রাসেলকে ছাড়েনি, তারা পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন দেশ ও রাষ্ট্র মিলেছে মন্তব্য করে তিনি বলেন, “সবকিছুতে ব্যর্থ হয়ে বিরোধিরা বলছে- একটি পরিবারের কাছে দেশ জিম্মি হয়ে গেছে। পঁচাত্তরের পর ২১ বছর বিরোধীরা দেশকে কিছুই দিতে পারেনি।
“মৌলিক অধিকার দিতে পারেনি। দেশকে রসাতলে নিয়ে গেছে। অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। প্রতিবেশী দেশের ভীতি তৈরি করা হয়েছে।”
গত ১৪ বছরে দেশে ধারাবাহিকভাবে উন্নয়ন হয়েছে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “এ উন্নয়নের বড় ছাতা হলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রক্ত। একটি নেতৃত্ব কী দিতে পারে, তা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
“তিনি মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি আমাদের সাহস তৈরি করেছেন। এসব কারণে বিরোধিরা প্রধানমন্ত্রীর প্রতি আক্রোশ।”
খালিদ বলেন, “বিরোধীরা আবারও ১৫ অগাস্টের মতো রক্তপাত করতে চায়। সে জায়গায় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।”
নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাজেদুল ইসলাম বক্তব্য দেন।
