২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসানীতির খবরে সরকারের এখন ‘মাথা খারাপ’: ফখরুল

‘‘এক আমেরিকার ভিসানীতিতে মাথাটাথা খারাপ হয়ে গেছে তাদের (সরকার), তাই না,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 11:38 AM

Updated : 16 Jan 2024, 11:38 AM

যুক্তরাষ্ট্রের ভিসানীতি কার্যকরের সিদ্ধান্তে ‘সরকারের মাথা খারাপ হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘‘এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের ওপরে তরঙ্গ সৃষ্টি করে তাদেরকে পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এই শপথ আমাদেরকে নিতে হবে।”

সোমবার বিকালে ঢাকায় এক সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ধোলাইখাল মোড়ে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ হয়।

ফখরুলের দাবি, ‘‘এক আমেরিকার ভিসানীতিতে মাথাটাথা খারাপ হয়ে গেছে তাদের (সরকার), তাই না। আজকে একটা পত্রিকা আপনাদের দেখাতে চাই, পত্রিকার সারসংক্ষেপ বলতে চাই। উৎকণ্ঠায় মাঠ প্রশাসন, আলোচনায় সচিবালয়, সরকারের বয়স বাড়িয়ে দিতে চায়…নিস্তার চায় দেশ আর যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে এর প্রভাব পড়তে পারে।”

তার অভিযোগ, ‘‘সবচেয়ে বড় জিনিস কি জানেন? এরা এত চুরি করেছে, এত লুটপাট করেছে শুধু আওয়ামী লীগের ওপরেই নয়, প্রশাসনের লোকেরা এই সরকারকে সহায়তা দিতে গিয়েছে যে, এখন সব খাওয়া খাচ্ছে। এখন বালুও খাওয়া শুরু করেছে। চাঁদপুরের ৬০ হাজার কোটির টাকার বালু খেয়ে ফেলেছে। এটা আমার কথা নয়, নদী কমিশনের চেয়ারম্যানের কথা।”

বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো টালবাহানা করবেন না। এদেশের মানুষ এখন আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের অবস্থা ভালো নয়। আমি আহ্বান জানাব, আজকে জাতি চরম ক্রান্তি লগ্নে উপনীতি হয়েছে।”

সমাবেশে বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন, “আমরা কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারব কি পারব না, আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাব কি পাব না, আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পারব কি পারব না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব কি পারব না, তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারব কি পারব না, আমাদের লক্ষ নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করতে পারব কি পারব না- তা নির্ভর করছে আমাদের ওপর, আপনাদের ওপর।”

বিএনপি ছাড়াও ঢাকায় গণতন্ত্র মঞ্চ খিলগাঁওয়ের তালতলা, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবে সামনে, গণঅধিকার পরিষদের (নূর) পল্টন মোড়, এলডিপি এফডিসি মোড়ে সমাবেশ করে।

মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এ ইউনিটের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিরিন সুলতানা, মীর সরাফত আলী সপু, রওনুকুল ইসলাম টিপু, অর্পনা রায় দাশ, ইশরাক হোসেন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের সুলতানা আহমেদ, ছাত্রদলের রাশেদ ইকবাল খান বক্তব্য রাখেন। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)