বিএনপি নেতা ইউনুস মৃধা গ্রেপ্তার
আগের সব মামলায় জামিনে থাকার পরও মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ বিএনপির।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাকে নাশকতার এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বলেন, রোববার রাতে ঢাকার খিলগাঁওয়ের বাসার সামনে থেকে মৃধাকে ‘তুলে নিয়ে যায়’ পুলিশ।
“ইউনুস মৃধা ভাই সব মামলায় জামিনে আছেন। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। তাকে রামপুরা থানায় নিয়ে গেছে।“
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপির ৩৫ জনের বেশি নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলেও অভিযোগ করেন মিন্টু।
রামপুরা থানার ওসি রফিকুল বলেন, সোমবার মৃধাকে আদালতে তোলা হবে।
রোববার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভাতেও উপস্থিত ছিলেন মৃধা।
আগামী ২৮ অক্টোবর ‘মহাসমাবেশ’ সফল করতে দলের অঙ্গসংগঠন এবং ঢাকার আশপাশের জেলাগুলোর নেতাদের নিয়ে এই যৌথ সভা হয়।
