২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি সরকারের ‘দালাল’ হিসাবে কাজ করছে: মোশাররফ

এই বিএনপি নেতা বলছেন, “এদেশের মানুষ নিজের হাত ভোট দেওয়ার অধিকার পায় না, সেখানে ইভিএমের মাধ্যমে মেশিনের মাধ্যমে কীভাবে ভোট নিশ্চিত হবে?”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 01:05 PM

Updated : 26 Aug 2022, 03:59 PM

বর্তমান নির্বাচন কমিশন সরকারের ‘দালাল’ হিসাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, “আমরা জানি, এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। এটা বর্তমান সরকারের অনুকূলে, নির্বাচন কমিশন তাদের (সরকার) দালাল হিসেবে কাজ করছে।”

“অতীতে তারা (ইসি) ২০১৪ সালে নির্বাচন করেছে, ২০১৮-তে করেছে, এবারও করবে। সেজন্য কিন্তু আমরা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় যুক্ত হইনি, তাদের সংলাপেও আমরা অংশগ্রহণ করি নাই।”

শুক্রবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন মোশাররফ।

আগামী নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, যারা সংলাপে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে বেশিরভাগ দল ইভিএমের ‘বিরুদ্ধে’ কথা বলেছে।

“ইভিএম এমন একটা পদ্ধতি যেটা মানুষ তৈরি করে, মানুষেরা কিন্তু পরিবর্তন করতে পারে। সেজন্য দেখলাম পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে ইভিএম পদ্ধতি বাতিল করে দিয়েছে।”

এ বিএনপি নেতা বলেন, “এদেশের মানুষ নিজের হাত ভোট দেওয়ার অধিকার পায় না, সেখানে ইভিএমের মাধ্যমে মেশিনের মাধ্যমে কীভাবে ভোট নিশ্চিত হবে? এটা হচ্ছে এমন একটা পদ্ধতি…।”

বিগত নির্বাচনগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ একবার বিনাভোটে জয়ী হয়েছে, একবার দিনের ভোট রাতে ডাকাতি করে হয়েছে। এইবার ইভিএমের মাধ্যমে ভোট চুরি করতে চায়।

“আজকে তারা (সরকার) তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে আগামী নির্বাচন ইভিএমে ভোট করার ঘোষণা দিয়েছে। আমরা মনে করি- এটা জনগণ গ্রহণ করে না, কোনো রাজনৈতিক দল গ্রহণ করে নাই।”

বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না জানিয়ে মোশাররফ বলেন, “এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না, এদেশের মানুষ যাবে না। ভোটে ইভিএম চালু করা হলে তাহলেও আমরা এটা গ্রহণ করব না।”

সংসদ বাতিল ও নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরকারের পদত্যাগের দাবি আবারও তুলে ধরেন বিএনপির এই নেতা।

জাতীয়তাবাদী ‍মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানসহ নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করেন।