০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের সঙ্গে নির্বাচনের ‘আলাপ তো হয়েই গেছে’: পররাষ্ট্রমন্ত্রী

“তারা চায় বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতি, প্রক্রিয়াটা আছে, সেটা সমুন্নত থাকুক। গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো রকমের ভাটা না পড়ে।”

ভারতের সঙ্গে নির্বাচনের ‘আলাপ তো হয়েই গেছে’: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2023, 08:40 PM

Updated : 06 Jan 2024, 02:43 PM

ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের আসন্ন বৈঠকে রাজনৈতিক বিষয় নয়, বরং দ্বিপক্ষীয় খুঁটিনাটি বিষয়ের আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “পররাষ্ট্র সচিবের ওটাতে নির্বাচন নিয়ে আলাপ হবে না। অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ হবে।

“নির্বাচনের আলাপ তো হয়েই গেছে ওদের সাথে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী– তারা আলাপ করে ফেলেছেন।”

দুই প্রধানমন্ত্রীর মধ্যে কী ধরনের আলাপ হয়েছে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী সহাস্যে বলেন, “ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, আমরাও চাই এটা।

“শান্তি ও স্থিতিশীলতা তারা সেটা চায় এবং তারা চায় বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতি, প্রক্রিয়াটা আছে, সেটা সমুন্নত থাকুক। গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো রকমের ভাটা না পড়ে।”

বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক সরকার ভারত ‘চায় না’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। সুতরাং তারা সবসময় গণতন্ত্রের পক্ষে।”

দ্বিপক্ষীয় ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য চলতি সপ্তাহে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের।

পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

বাংলাদেশে ভোটের প্রস্তুতির মধ্যে এই সফরে দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনায় নির্বাচন প্রসঙ্গও আসতে পারে বলেও বিশ্লেষকদের ধারণা।

এ বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিভিন্ন ধরনের রুটিন বিষয় থাকে এফওসির আলোচনায়।

“আমরা অনেক দেশের সাথে ফরেন অফিস কনসালটেশন করি, এখানে আমাদের বিভিন্ন রকমের ইস্যু যেগুলো হয়, সেগুলো আমরা আলাপ করি, এটা রুটিন বিষয় এবং সেগুলো আছে।”

রাজনৈতিক পরিস্থিতি আলোচনা হবে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, “আমার মনে হয় না। ওটাতে রাজনীতি খুব কম আলোচনা হয়। রাজনৈতিক আলোচনাতো হয়েই গেছে আমাদের।”