২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এ্যানি আদালতে মিথ্যা বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

“তাকে বলা হয়েছিল, তার আত্মীয়-স্বজনকেও অনুরোধ করা হয়েছিল দরজা খুলে দেওয়ার জন্য। কিন্তু দরজা না খোলাতে পুলিশ দরজায় ধাক্কা দেয়, জোর করে দরজা ভাঙেনি।”

এ্যানি আদালতে মিথ্যা বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 01:22 PM

Updated : 30 Oct 2023, 08:05 PM

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আদালতে ‘মিথ্যা’ অভিযোগ করেছেন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাকে কোনো নির্যাতনও ‘করা হয়নি’।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজিত শরৎ উৎসবের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “এ্যানির নামে লক্ষ্মীপুরে দুটি মামলা ছিল, যারা ওয়ারেন্টভুক্ত আসামি, তাদের কোর্টে গিয়ে জামিন নিতে হয়। কিন্তু এ্যানি সাহেব জামিন নেননি।”

গ্রেপ্তারের সময় এ্যানির বাসার কোনো দরজাও ভাঙা হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তিনি কোর্টে যেটা বলছেন সেটাও অসত্য। কারণ তিনি নির্যাতনের কোনো প্রমাণ দেখাতে পারেননি। থানা পুলিশ তাকে নির্যাতন করেনি। আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন তিনি।”

ওই বাসায় সিসি ক্যামেরা রয়েছে, এবং এ্যানির অভিযোগের কোনো আলামত সেখানে পাওয়া যায়নি বলে দাবি করেন কামাল। তিনি বলেন, যে সাদা পোশাক পরা অবস্থায় এ্যানিকে গ্রেপ্তার করে আনা হয়েছিল, এখনো সেই অবস্থায় তিনি আছেন।

পুরনো খবর:

বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমান্ডে
বিএনপি নেতা এ্যানি গ্রেপ্তার


“এ্যানি সাহেব জামিন না নেওয়াতে পুলিশ তাকে ধরতে যায়। এটা পুলিশের কর্তব্য। তাকে বলা হয়েছিল, তার আত্মীয়-স্বজনকেও অনুরোধ করা হয়েছিল দরজা খুলে দেওয়ার জন্য। কিন্তু দরজা না খোলাতে পুলিশ দরজায় ধাক্কা দেয়, জোর করে দরজা ভাঙেনি।”

১০ অক্টোবর রাতে এ্যানিকে তার ধানমণ্ডির বাসা থেকে ‘তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ করে বিএনপি। এরপর বুধবার ধানমণ্ডি থানার নাশকতার এক মামলায় তাকে ঢাকার আদালতে হাজির করা হয়।

ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।