২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিপির মনোনয়ন আবেদন সংগ্রহের সময় বাড়ল

আগের ঘোষণা অনুযায়ী, ১৩ নভেম্বর ছিল সংগ্রহের শেষ দিন, এখন সেটা বাড়িয়ে ২০ নভেম্বর করা হলো।

এনসিপির মনোনয়ন আবেদন সংগ্রহের সময় বাড়ল
প্রতিনিধিত্বশীল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 01:56 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন আবেদন সংগ্রহের সময় এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি— এনসিপি।

আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল মনোনয়ন আবেদন সংগ্রহের শেষ দিন।

এদিন বিকালে মনোনয়ন আবেদন সংগ্রহের বিষয়ে সংবাদ সম্মেলন আহ্বান করলেও পরে তা বাতিল করে দলটি।

রাতে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন আবেদন সংগ্রহের সময় আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অথবা ওয়েবসাইটের (nomination.ncpbd.org) মাধ্যমে আবেদন সংগ্রহ করা যাবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক ফেইসবুক বার্তায় বলেন, “অনেকেই এনসিপির মনোনয়ন আবেদন সংগ্রহ করার ইচ্ছা করলেও নানা কারণে পারেননি। সেই পরিপ্রেক্ষিতে সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।”

এর আগে গত ৬ নভেম্বর সংবাদ সম্মেলন করে মনোনয়ন ফরম ছাড়ার ঘোষণা দেয় নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে যাওয়া দলটি।

সেদিন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মনোনয়ন ফর্মের সর্বনিম্ন দাম রেখেছি ১০ হাজার টাকা। কেউ চাইলে বাড়িয়েও দিতে পারবেন। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি, মজুর রয়েছেন, তাদের জন্য মনোনয়ন ফর্মের দাম ধরা হয়েছে দুই হাজার টাকা।”