ড্যাবের কমিটি বিলুপ্ত, সম্মেলন ৪৫ দিনের মধ্যে
সম্মেলন ও কাউন্সিল আয়োজনে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি।
সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, সভাপতি হারুন আল রশীদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম নেতৃত্বাধীন ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। ২০১৯ সালের ২৬ মে কাউন্সিলরদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়েছিলেন, যাদের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ২৫ মে।
সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১২ সদস্যের ওই কমিটির সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, মামুন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লুৎফর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম ও পারভেজ রেজা কাকন; সদ্য বিলুপ্ত কমিটির শাহ মোহাম্মদ আমান উল্লাহ, এরফান আহমেদ সোহেল ও মোস্তফা আজিজ সুমন।
