‘জুলাই ঘোষণাপত্র’: নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের গণসংযোগ শুরু
গণসংযোগ ছাড়াও ঢাকার বাইরে বেশ কিছু জায়গায় কমিটি গঠনের কাজেও নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা থাকবেন বলে জানান মনিরা।
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে মানুষের মনোভাব জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঘোষিত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে।
আগামী শনিবার পর্যন্ত সারাদেশে গণসংযোগ চালাবেন সংগঠন দুটির নেতারা।
জাতীয় নাগরিক কমিটির নির্বাহী কমিটির সদস্য মনিরা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ঢাকা (বিভিন্ন স্থানে) এবং ঢাকার বাইরে গিয়েছেন। ঢাকার বাইরে সব জায়গায় এখনো লিফলেট যায়নি। মঙ্গলবারের মধ্যেই কুরিয়ারে সব জায়গায় লিফলেট চলে যাবে বলে আশা করছি।”
গণসংযোগ ছাড়াও ঢাকার বাইরে বেশ কিছু জায়গায় কমিটি গঠনের কাজেও নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা থাকবেন বলে জানান মনিরা।
গত শনিবার বাংলামোটরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণসংযোগ কর্মসূচি দেওয়ার কথা জানায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
ওইদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বা্য়ক হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, এই কর্মসূচিতে লিফলেট বিতরণ, সমাবেশ এবং বিভিন্ন মাত্রায় জনসংযোগ করা হবে।
“বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা কী? তারা কী দেখতে চায় এ প্রোক্লেমেশনে, সেটা শোনার জন্য আমরা মানুষের কাছে ছুটে যাব,” বলেছিলেন তিনি।
সপ্তাহজুড়ে দেশের প্রতিটি জেলায় এ ঘোষণাপত্রের দাবিতে সব শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেক জেলা-উপজেলায় ছাত্র-নাগরিক-কৃষক-শ্রমিক সর্বস্তরে গণসংযোগ চালানো হবে।
বিদয়ী বছরের শেষ দিন গত মঙ্গলবার ‘মার্চ ফর ইউনিটি কর্মসূচি’ ঘোষণা করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলন। শহীদ মিনারের ওই কর্মসূচি থেকেই ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কথা ছিল। সেই প্রস্তুতি নিয়ে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছিল।
বলা হয়েছিল, এই ‘জুলাই প্রোক্লেমেশন’ হবে ‘আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র’। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে এর মাধ্যমে ‘নাৎসি বাহিনীর’ মত ‘অপ্রাসঙ্গিক’ ঘোষণা করা হবে। একইসঙ্গে ১৯৭২ সালের ‘মুজিববাদী’ সংবিধানের ‘কবর’ রচনা করা হবে।
এই কর্মসূচি নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যে গত রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কোনো সম্পর্ক নেই।
কিন্তু এক দিনের ব্যবধানে সোমবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একই ধরনের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এরপর সোমবার গভীর রাতে জরুরি বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দেয়, অন্তর্বর্তী সরকার যেহেতু ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে, তারা তাতেই সমর্থন দেবে।
এরপর নতুন বছরের প্রথম দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জুলাই প্রোক্লেমেশন’ এর খসড়া তৈরির কাজ এখনও শুরু হয়নি।
সবশেষ এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করা হবে।
তবে রাজনৈতিক দলগেুলোর সঙ্গে কবে নাগাদ আলোচনা শুরু তার কোনো দিনক্ষণ বলেননি তিনি।
