২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু ঘিরে অনলাইনে ‘ঘৃণার বিষবাষ্প’ ছড়ানো হচ্ছে: ছাত্রদল

যারা দীর্ঘ সময় আন্দোলন করেছে, এখন তাদেরকেই আওয়ামী রাজনীতির ট্যাগ দেওয়া হয়। এর বিরোধিতা করায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, বলেন আবিদ।

ডাকসু ঘিরে অনলাইনে ‘ঘৃণার বিষবাষ্প’ ছড়ানো হচ্ছে: ছাত্রদল
ডাকসু ভোটের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রেস ব্রিফিং করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 08:56 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে ‘ঘৃণার বিষবাষ্প ছড়ানোর’ অভিযোগ তুলে জাতীয়তাবাদী ছাত্রদল বলেছে, এ ধরনের অপপ্রচার গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করবে।

অনলাইনে অপপ্রচার নিয়ে শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু ভোটের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর এ কথা বলেন ছাত্রদল সমর্থিত প্যানলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।

তিনি বলেন, “আমরা দেখছি, মাঠের রাজনীতিতে পেরে না উঠে, শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার করছেন। 

“এ ধরনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে গণতান্ত্রিক নির্বাচনি পরিবেশ, সেটিকে বিঘ্ন করবে।”

এ বিষয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দেওয়ার পর শনিবার তার অগ্রগতি জানতে আসার কথা বলেন তিনি। 

এর আগে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে অনলাইনে হেনস্তা, হয়রানি ও অপপ্রচারে লিপ্ত ফেসবুক গ্রুপ নিষিদ্ধকরণ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ছাত্রদল।

অভিযোগ জানানোর সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনও উপস্থিত ছিলেন। 

ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী মায়েদ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, এ বিষয়ে তারা কাজ করছেন। কিন্তু নামে-বেনামে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে যে গ্রুপগুলো আছে, তার মডারেটর বা অ্যাডমিন যারা আছেন, তারা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও শিক্ষকদের প্রতি যথেষ্ট সম্মানসূচক আচরণ করছেন না।”

তিনি বলেন, “আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, আমরা ভবিষ্যতে তাদের যে ভোটাধিকার, সেটাও যেন তারা শতভাগ প্রয়োগ করতে পারে, সেই ধরনের পরিবেশ উপহার দিতে চাই। 

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করে মায়েদ বলেন, “ভোটাররা দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে। 

“ক্যাম্পাসের বর্তমান যে পরিবেশ, আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন; পছন্দের প্রার্থীকে বাছাই করতে চাইবেন।”

ডাকসু ভোটে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শনিবার হাজী মুহম্মদ মুহসীন হলে প্রচার চালান। 

ডাকসু ভোটে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শনিবার হাজী মুহম্মদ মুহসীন হলে প্রচার চালান।

এর আগে সকালে হাজী মুহম্মদ মুহসীন হলে প্রচার চালাতে গিয়ে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “আমরা ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছি। 

“এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হতে যাচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকারের। আমরা সেই ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সুতরাং অন্য কোনো ম্যাটারে আমরা আপাতত কোনো মনোযোগ দিচ্ছি না।”

জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সংগঠনগুলোর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “৫ অগাস্ট পরবর্তী সময়ে যে জিনিসটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে অনৈক্যের জায়গাটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে রাজনীতিকরণের একটা অপচেষ্টা হয়েছে।

“আওয়ামী রাজনৈতিক যে সংস্কৃতিকে ঘৃণা করে, আমরা যারা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি, এখন তাদেরকেই যখন ওই আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিতে ফ্রেমিং করা হয়, ট্যাগিং করা হয়, তখন ওইটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।”

‘নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে’ যেতে চান না মন্তব্য করে আবিদ বলেন, “আমরা দেশ ও ক্যাম্পাসজুড়ে এমন একটা রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই, যেখানে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা ও সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিনশেষে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব রাষ্ট্রের স্বার্থে।”