ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের
পুরানা পল্টনে দলটির কার্যালয়ে নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ‘জুলাই সনদের পক্ষে জনমত তৈরিতে’ আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকালে পুরানা পল্টনের কার্যালয়ে নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে দলটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বৈঠকে সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “শরীফ ওসমান হাদিসহ সকল হত্যায় জড়িত প্রকৃত খুনিদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এই মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
