Published : 06 Sep 2025, 01:05 AM
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি।
শুক্রবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহfসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে নিন্দা জানিয়ে বলা হয়, এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক।”
বিবৃতিতে বলা হয়, ভিন্নমত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহি:প্রকাশ।
“জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাংচুরের ঘটনায় (বিএনপি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।”
পাঁচ দিনের ব্যবধানে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার জন্য দলটি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করে আসছে।
এতে কার্যালয়টির পাঁচতলা ভবনের নিচের দুটি তলা অনেকটা পুড়ে গেছে। এর আগে ৩১ অগাস্ট হামলার পর সেখানে দেওয়া আগুনে নিচতলা ক্ষতিগ্রস্ত হয়। এর আগের দিন ৩০ অগাস্ট সংঘর্ষে জড়ায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। সেদিন সংঘর্ষে গুরুতর আহন হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার বিকালে শাহবাগে সমাবেশ শেষে দলবেধে এসে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশের বাধা টপকে গিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে আগুন দে।
‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এদিন বিকালে শাহবাগ মোড়ে সংহতি সমাবেশ আয়োজন করেছিল গণঅধিকার পরিষদ।
দ্বিতীয়বার আগুন দেওয়ার ঘটনার জন্য গণঅধিকার পরিষদকে দায়ী করে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় পার্টি।
শুক্রবার সন্ধ্যার এ ঘটনার পর রাতে কারও নাম না বলে নিন্দা জানিয়ে বিএনপির দেওয়া বিবৃতিতে বলা হয়, “প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর।
“এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয়-ভীতি সৃষ্টি করে কোন রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেয়া সর্বজনিন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।”
জাতীয় পার্টির কার্যালয়ে ফের অগ্নিসংযোগ
জাপা কার্যালয়ে আগুন: গণঅধিকার পরিষদের নিবন্ধন বাতিলের দাবি