২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর কর্মঘণ্টা কমানোর প্রতিশ্রুতি জামায়াত আমিরের, ফেইসবুকে প্রতিক্রিয়া

অনেকে তার ওই বক্তব্যের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ ভাবছেন, এটা হবে নারীদের পর্যায়ক্রমে ‘গৃহবন্দি’ করার প্রথম ধাপ।

নারীর কর্মঘণ্টা কমানোর প্রতিশ্রুতি জামায়াত আমিরের, ফেইসবুকে প্রতিক্রিয়া
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পেশাজীবী মায়েদের কাজের সময় ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার যে প্রতিশ্রুতি দলটির আমির শফিকুর রহমান দিয়েছেন, তা নিয়ে সোশাল মিডিয়ায় চলছে নানামুখী আলোচনা। 

অনেকে তার ওই বক্তব্যের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ ভাবছেন, এটা হবে নারীদের পর্যায়ক্রমে ‘গৃহবন্দি’ করার প্রথম ধাপ। 

নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিলে পুরুষদের প্রতি ইনসাফ করা হবে কি না, সেই প্রশ্ন কেউ কেউ তুলেছেন।

আবার কর্মজীবী নারীদের অনেকে জামায়াত আমিরকে পরিবহন সমস্যা, কর্মপরিবেশ, শিশুদের ডে কেয়ার সেন্টারের মত বিষয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। 

অনেকে আবার জামায়াত আমিদের প্রস্তাবকে একটি ‘মহৎ ভাবনা’ হিসেবে দেখছেন। কয়েক জন ফেইসবুকে বলেছেন, নারীদের কর্মঘণ্টা কমানো এখন ‘সময়ের দাবি’।     

রোববার নিউ ইয়র্ক সিটিতে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সুযোগ পেলে মায়েদেরকে ‘বাড়তি আরেকটু সম্মান’ করবে, যা হবে তাদের প্রতি ‘ইনসাফ’।

“আমার মা; তিনি তার গর্ভে সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন, তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন, এই সন্তানকে লালন পোষণ করছেন। আবার তিনি ক্ষেত্রবিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমারও আট ঘণ্টা, তারও আট ঘণ্টা। এটা কি তার উপর অবিচার নয়? 

“আমরা গেলে ইনশাআল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব। তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ। এটা কোনো দয়া নয়।”

শফিকুর রহমান বলেন, “ইনশাআল্লাহ। আমরা যদি আট ঘণ্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘণ্টা করি, তাহলে মায়েরা এতই সিনসিয়ার, এতই কমিটেড। তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘণ্টার কাজ পাঁচ ঘণ্টায় শেষ করা।”

জামায়াত আমিরের এমন প্রতিশ্রুতির প্রতিক্রিয়ায় ফেইসবুকে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম।

তিনি প্রশ্ন করেছেন, কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিলে বেতনও আনুপাতিক হবে কি না। বেতন যদি কমানো হয়, নারীরা সেই ‘ইনসাফ’ চায় কি না। আর বেতন না কমালে পুরুষ সহকর্মীরা এই বৈষম্য মানবে কি না।    

ফাহাম আব্দুস সালাম লিখেছেন, “এর ফলাফল হবে এই যে মেয়েদেরকে চাকরিই দেওয়া হবে না। HR এর অলিখিত পলিসি হবে কোনো মেয়েকে চাকরি দেয়ার দরকার নাই। গ্যারান্টীড। এর ফলাফল হবে ভয়াবহ। মেয়েদেরকে ওয়ার্কফোর্স থেকে দূরে রাখার জন্য এর চেয়ে সফল কোনো পলিসি হতে পারে না।

“গুড লাক অবশ্য। এই আইন ইম্প্লিমেন্টেড হলে ১০ বছরের মধ্যে বাংলাদেশের কর্মজীবী মেয়েরা ওসমান ভাবী হয়ে যাবে। কারো চাকরিই হবে না। রান্নাঘরেই থাকবে। বাংলাদেশে ইতোমধ্যে বিপুলভাবে পুরুষতান্ত্রিক সমাজের ছেলেদেরকে আপনারা একটা রিয়াল ও জেনুয়িন ওজর দেবেন যে মেয়েদের চাকরি দেয়ার কোনো দরকার নাই। এই দিক থেকে পলিসিটা অবশ্য ভালো।” 

তার মতে, “আমার ধারণা জামায়াতে ইসলামী কোনো রেস্পন্সিবল মানুষের সাথে এই পলিসি নিয়ে একটা কথাও বলেনি। কথা বলছে কাসেমী হুজুরের সাথে। কারণ এই ধরনের বয়স্কাউট মার্কা জোকারি কোনো রেস্পন্সিবল মানুষের মাথায় আসার কথা না।

 “আল্লাহর ওয়াস্তে এ ধরনের আনইম্পলিমেনটেবল ও শিশুতোষ আত্মঘাতী সিদ্ধান্ত বাড়িতে নেবেন। বাইরে বলবেন না। এ ধরনের জোকারির ফল হবে এই যে পুরা বিজনেস কমিউনিটি আপনাদেরকে জোকার ও বেকার মনে করবে।”

জামায়াত আমিরের বক্তব্যের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

তিনি ফেইসবুকে লিখেছেন, "নারীর কর্মঘণ্টা কমানোর ঘোষণা, নাকি ক্ষমতার মঞ্চে চিন্তার ঘণ্টা বাজছে?"

নীলার ভাষ্য, “আমি একজন নারী, একজন কর্মী, এবং রাজপথের বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে বলতে চাই নারীর জন্য সহানুভূতি নয়, প্রয়োজন সমতা ও সুবিচার বাংলাদেশের সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদ স্পষ্টভাবে বলে রাষ্ট্র নারী ও পুরুষ উভয়ের সমান অধিকার নিশ্চিত করবে। সেখানে ‘নারীর কাজের সময়’ নির্ধারণ করে তাকে আলাদা শ্রেণিতে ফেলা মানে আইনত এক ধরণের বৈষম্য তৈরি করা।

“নারীকে রক্ষা করার নামে তার কর্মঘণ্টা কমানো আসলে তাকে অর্থনৈতিকভাবে দুর্বল ও নির্ভরশীল করে তোলে। যে রাষ্ট্র নারীকে পূর্ণ অংশগ্রহণ থেকে বিরত রাখে, সে রাষ্ট্র নিজেই তার উন্নয়নের সম্ভাবনাকে অর্ধেক করে ফেলে। অন্যদিকে, বাস্তবতার দিক থেকেও বিষয়টি অনেক জটিল।”

তিনি লিখেছেন, “যদি কেউ সত্যিই নারীর জীবন সহজ করতে চান তবে অফিসে ৫ ঘণ্টা নয়, রাস্তা, পরিবার ও কর্মক্ষেত্রে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করুন। আইনের শাসন, সমতা, ও ন্যায়বিচারের ভিত্তিতেই সমাজ টিকে থাকে কোনো ‘ঘণ্টা’ কমিয়ে নয়, চিন্তা বাড়িয়েই।”

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ও রাজনীতির বিশ্লেষক এ বিষয়ে ফেইসবুকে একটি ভ্লগ পোস্ট করেছেন।  

তিনি প্রশ্ন রেখেছেন, “ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টায় নামিয়ে আনবেন বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির। এমন উদ্ভট প্রতিশ্রুতি তিনি কেন দিচ্ছেন?”

এরপর নিজের ধারণা তুলে ধরে তিনি বলেছেন, “এই দলটা এত বোকা নয় যে তারা এই ধরনের (নারীদের জন্য কর্মঘণ্টা ৫ ঘণ্টা) একটা হাস্যকর দাবি সামনে আনবে, প্রতিশ্রুতি সামনে আনবে। আমার কাছে মনে হয়, এটা আসলে তারা বিএনপিকে বিপদে ফেলার জন্য করছে।”

জাহেদ উর রহমান বলেন, “মাঠে জামায়াত ইসলামী অদ্ভুত এবং উদ্ভট অনেকগুলো দাবি বা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে নামবে। মাঠে প্রতিশ্রুতি দেবেন, এসব প্রতিশ্রুতি ইশতেহারেও আনবে। যেগুলো কোনোভাবেই বাংলাদেশে কার্যকর করা যাবে না। কার্যকর করা না গেলেও জামায়াত এসব প্রতিশ্রুতিতে বিএনপি চাপে পড়বে।”