২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ

শরীফ নুরুল আম্বিয়া বলেন, “আমরা হাতি চেয়েছিলাম প্রতীক, দলের সংরক্ষিত প্রতীকে ইসি এ প্রতীকটি রাখেনি। তাই মোটরগাড়ি দিয়েছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 01:54 PM

Updated : 19 Jun 2023, 03:43 PM

দীর্ঘ প্রতিক্ষার পর নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ জাসদ; তাদের নির্বাচনী প্রতীক হবে ‘মোটর গাড়ি’।

নির্বাচন কমিশন সচিবালয় সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছেন ইসির উপ সচিব আব্দুল হালিম খান।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের আদেশে বাংলাদেশ জাসদ নামে আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে।”

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ। তাদের নিয়ে দেশে নিবন্ধিত দল হল ৪২টি।

নেতৃত্বের দ্বন্দ্বে ২০১৬ সালে দুই ভাগ হয় জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ। হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশটিকে স্বীকৃতি দিয়ে মশাল প্রতীক বরাদ্দ দেয় ইসি।

আদালতে গিয়েও পক্ষে রায় না পাওয়ার পর একাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) নামে নিবন্ধনের আবেদন করে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন অংশটি।

কিন্তু নির্বাচন কমিশন সেবার জানায়, বাংলাদেশ জাসদ ‘নিবন্ধনযোগ্য নয়’। এর বিরুদ্ধে উচ্চ আদালতে যায় শরীফ নুরুল আম্বিয়ার দল। শেষ পর্যন্ত তাদের পক্ষেই রায় আসে। 

পুরানো খবর:

নিবন্ধনযোগ্য নয় বাংলাদেশ জাসদ: ইসি

পুরানো খবর:

নিবন্ধন দিতে ইসিকে আহ্বান বাংলাদেশ জাসদের

পুরানো খবর:

আম্বিয়া-প্রধানের নেতৃত্বে জাসদের একাংশের কমিটি

আদালতের সেই আদেশ নিয়ে ইসিতে গিয়ে এবার ‘হাতি’ প্রতীক চেয়েছিল বাংলাদেশ জাসদ। শেষ পযন্ত মিলেছে ‘মোটর গাড়ি’।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, “সময় খুব কম। আমরা হাতি চেয়েছিলাম প্রতীক, দলের সংরক্ষিত প্রতীকে ইসি এ প্রতীকটি রাখেনি। তাই মোটরগাড়ি দিয়েছে।”