আম্বিয়া-প্রধানের নেতৃত্বে জাসদের একাংশের কমিটি
অন্য শরিকদেরও ১৪ দল ছাড়ার আহ্বান জানান আম্বিয়া।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর একাংশের সভাপতি আবার নির্বাচিত হয়েছেন শরীফ নুরুল আম্বিয়া আর সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল হক প্রধান।
শনিবার ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে কাউন্সিলর ও ডেলিগেটরা দলের এ নেতৃত্ব নির্বাচিত করেন।
সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা পর্বে অংশ নেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম (মন্টু) সভাপতি মোস্তফা মহসীন মন্টু, সিপিবি সভাপতি শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
আম্বিয়ার সভাপতিত্বে আলোচনা পর্বটি সঞ্চালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার।
জাসদের এক অংশের এ সম্মেলনে রব বলেন, "সরকারবিরোধী সব রাজনৈতিক শক্তি উপনিবেশিক কাঠামো পরিবর্তন, রাষ্ট্র সংস্কার ও মেরামতের প্রশ্নে সুস্পষ্ট কর্মসূচি বাস্তবানের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়ে গণঅভ্যুত্থানকে অনিবার্য করে তুলছে।“
তিনি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
গণফোরাম সভাপতি বলেন, "আমরা ক্ষমতায় যাব এ জন্য নয়, বরং এজন্য যে ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা গণতান্ত্রিক পরিবেশ পায়। আমাদের সন্তানদের যেন পড়ালেখার জন্য বিদেশে যেতে না হয়। আমাদের সম্পদের নিয়ন্ত্রক যাতে আমরা হতে পারি। আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলি।"
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল ছাড়ার কারণ তুলে ধরে আম্বিয়া বলেন, "২০০৫ সালে ২৩ দফার ভিত্তিতে আদর্শিক ১৪ দলীয় জোট গঠন হয়েছিল। এখন জোট নেতৃত্বাধীন দল যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চায়। এখানে আদর্শ নেই।“
তার অভিযোগ, “ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন দুর্বৃত্ত ও তাদের চাটুকাররা নিয়ন্ত্রণ করে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে আওয়ামী লীগ ও ১৪ দল অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।"
তিনি ১৪ দলের শরিক অন্য দলকেও ওখান থেকে সরে এসে গণতন্ত্রের পথে ন্যায়সঙ্গত সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
