১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইভিএম বাতিল হয়েছে, পিআর তো ‘প্রশ্নই ওঠে না’: ফখরুল

“আমরা বিশ্বাস করি, পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পুরোপুরি প্রয়োগ করা যায় না,” বলেন তিনি।

ইভিএম বাতিল হয়েছে, পিআর তো ‘প্রশ্নই ওঠে না’: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 10:48 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি নাকচ করে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির কাছে এই পদ্ধতি ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।

মঙ্গলবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমরা পরিষ্কার করে বলেছি, আমরা (বিএনপি) কোনোমতেই পিআর পদ্ধতি মেনে নেব না। 

“কারণ এই পদ্ধতি এদেশের মানুষ বুঝে না, তারা এর প্রয়োগও জানে না। ইভিএম পদ্ধতি কতদিন চেষ্টা করা হল, সেটাও পরে বাতিল করা হয়েছে।

“আর পিআর পদ্ধতি তো প্রশ্নই ওঠে না। আমরা বিশ্বাস করি, পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পুরোপুরি প্রয়োগ করা যায় না। ভোটার জানেও না সে কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল।

রোববার আইনসভার দুই কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

এর আগে সংসদের পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের প্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়ে আসছিল দল। জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও এ পদ্ধতি নির্বাচন দাবি করে আসছে।

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আমরা জনগণের সরাসরি ভোটে বিশ্বাসী। যার মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, ব্যালটের মাধ্যমে। এটাই দেশের জনগণ চায়।”

সন্ধ্যায় ৬টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান, সঙ্গে তার সহধর্মিনী রাহাত আরা বেগমও ফিরেছেন। 

১৩ আগস্ট বিএনপি মহাসচিব চোখের চিকিৎসায় ব্যাংকক যান। 

এর আগে ১৪ মে ব্যাংককে বিএনপি মহাসচিবের চোখের অস্ত্রোপচার হয়েছে।

‘সংকট উত্তরণের একমাত্র পথ দ্রুত নির্বাচন’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সময় নিয়ে গত ডিসেম্বর থেকে নানা বিতর্ক তৈরি হয়। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে। অপরদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আভাস দেন। 

নির্বাচন আয়োজনের সময় ঠিক করা নিয়ে রাজনীতিতে উত্তাপের মধ্যে জুনে লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বৈঠক হয়। 

বৈঠকের যৌথ ঘোষণায় প্রস্তুতি শেষ করা সাপেক্ষে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের আভাস দেওয়া হয়।

গেল ৫ অগাস্ট জুলাই অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। 

এ ঘোষণা আসার পর এনসিপি জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে। জামায়াত নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চেয়েছে।

জাতীয় নির্বাচন বিষয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়, দ্রুত চায়।” 

বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে মন্তব্য করে তিনি বলেন, এ সংকট থেকে উত্তরণের ‘একমাত্র পথ’ এই নির্বাচন। অবশ্যই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে বলে তিনি প্রত্যাশা করেন।