২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতা রিপন-নাঈমসহ ১০ জন কারাগারে

গত ১৮ মে বিকালে রাজধানীর পল্টনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2025, 01:19 AM

Updated : 26 Aug 2026, 12:46 PM

রাজধানীর পল্টনে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু, নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাঈম ভূঁইয়াসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১০ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ বৃহস্পতিবার শুনানি শেষে পল্টন মডেল থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা মো. রবিউল ইসলাম ও দিপু মোল্লা, যুবলীগ নেতা মিরাজ হোসাইন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল হাসান সোহাগ, কুমিল্লা জেলা উত্তর শ্রমিক লীগের সাবেক সদস্য সচিব মো. আল-আমিন, মো. আব্দুল আলিম ওরফে সোহাগ সিকদার, আরিফ হোসেন ও মো. রবিউল করিম কনক।

তিন দিনের রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. আবুল কালাম আজাদ।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত সোমবার এই ১০ জনের তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয় আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ মে বিকেলে ‘নিষিদ্ধ’ সংগঠন ছাত্রলীগের সদস্যরা দেশে ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য’ রাজধানীর পল্টন থানাধীন বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ‘নাশকতা ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার’ লক্ষ্যে প্রচার চালায়।

এসময় ‘ছাত্র জনতার সহযোগিতায়’ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটের আশপাশের এলাকা থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। ১৪০ থেকে ১৫০ জন বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন সংশ্লিষ্ট থানার এসআই নূর মোহাম্মদ খান।