২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাদিকে হত্যাচেষ্টা: আদালতে যা বললেন ফয়সালের স্ত্রী-শ্যালক-বান্ধবী

“সে আমার বন্ধু; ফেইসবুকে পরিচয়। হামলার বিষয়ে কোনো কথা হয়নি,” বলেন মারিয়া আক্তার লিমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও ‘বান্ধবী’।

সোমবার সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তারা হত্যাচেষ্টায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেন।

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া হাদি গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

এ ঘটনায় রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। 

রোববার রাত আড়াইটার দিকে নরসিংদীর সদর থানা এলাকা থেকে ফয়সালের স্ত্রী  সাহেদা পারভীন সামিয়া ও শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুকে গ্রেপ্তার করা হয়। ‘বান্ধবী’ মারিয়া আক্তার লিমাকে গ্রেপ্তার করা হয় সোমবার ভোরে; ঢাকার বাড্ডা এলাকা থেকে।

এদিন তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ।

সেখানে রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

তিনি বলেন,"হাদী জুলাই আন্দোলনের বীর সৈনিক। ঢাকার একটি আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন। ছাত্রলীগের কাছে থেকে দীর্ঘদিন পরিকল্পনার পর ফয়সাল করিম মাসুদ এ ঘটনা ঘটিয়েছে। সরকার তাকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।"

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন,"এ তিনজন তদন্তেপ্রাপ্ত আসামি। তারা একইসঙ্গে, একই ঘরে ছিল। এরপর বের হয়ে যায়। এত বড় ঘটনা। হাদি বাঁচবে কিনা জানি না। স্বাধীন, সার্বভৌম দেশকে ধ্বংসের প্রক্রিয়া চলছে। তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।"

এরপর বিচারক জানতে চান, আসামিপক্ষের কোনো আইনজীবী আছেন কিনা। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এরপর বিচারক জানতে চান, তাদের কিছু বলার আছে কিনা।

তখন ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন বলেন,"ঘটনার বিষয়ে কিছু জানি না। ঘটনার ২ থেকে ৩ দিন আগে আমার সঙ্গে দেখা হয়। এরপর আর দেখা হয়নি। ঘটনার দিন কথা হয়। এরপর থেকে আমাদের সঙ্গে কথা বলেনি। আমাদের সঙ্গে সে থাকে না। অনেক রাতে যেত, আবার ভোরে চলে আসত। একথা বারবার বলে আসছি।"

ফয়সালের শ্যালক শিপু বলেন,"আমি ঘটনার বিষয়ে কিছু জানি না।"

ফয়সাল করিম মাসুদের বান্ধবী মারিয়া আক্তারের পরিচয় জানতে চান আদালত।

তখন মারিয়া বলেন,"সে আমার বন্ধু। ফেইসবুকে পরিচয়। এসব বিষয়ে কোনো কথা হয়নি। আর্থিক সমস্যার কারণে কিছু টাকা দিবে বলে জানায়।"

এরপর স্ত্রী সাহেদা পারভীন আদালতকে বলেন,"আমার দুই বছরের একটা বাচ্চা আছে। এর বাইরে যা যা তথ্য দেওয়ার, দিয়েছি। আর আমাদের হয়ে কেউ কথা বলবে, বাবার বাড়িতে এমন কেউ নাই।"

পরে আদালত থেকে তাদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ আসে।

সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় হাদিকে।

এদিকে হাদিকে গুলি সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রোববার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আততায়ীর পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকেও দুইজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।