২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা নজরুল বললেন, নির্বাচন তো করতেই চাই, তবে…

“তবে (সেই নির্বাচন হতে হবে) নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে।”

বিএনপি নেতা নজরুল বললেন, নির্বাচন তো করতেই চাই, তবে…

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার ‘শহীদ পিংকু স্মৃতি পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 05:29 PM

Updated : 17 Jun 2023, 06:04 PM

বিএনপির অনেকেই ‘তলে তলে’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন কথার জবাব দিলেন নজরুল ইসলাম খান।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, তার দল নির্বাচন করতেই চায়, তবে সেই নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নয়।

দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দ্বন্দ্ব এখনও ঘোচেনি। বিএনপি চাইছে, নির্বাচনকালীন নির্দলীয় সরকার। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, এই সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই।

এর মধ্যেই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের শুক্রবার বলেন, “যতই লাফালাফি করেন, যতই চোখ রাঙান- আপনাদের দলের লোকেরা তলে তলে অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।”

পুরনো খবর:

বিএনপির অনেকেই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: কাদের

তার সেই বক্তব্য ধরে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় নজরুল বলেন, “আরও অনেক লোক কেন? আমরা সবাই তো নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে এই সরকারের অধীনে না, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।”

তাছাড়া কোনো ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এখনও দলের রয়েছে জানিয়ে তিনি বলেন, “এই সরকারের অধীনে আমরা তো ইউনিয়ন পরিষদের নির্বাচনেও অংশগ্রহণ করি নাই। এই যে ক’দিন আগে কয়েকটা সিটি করপোরেশন নির্বাচন গেল বিএনপির কি কেউ অংশগ্রহণ করছে? দুই-একজন যারা কোনো বিশেষ কারণে অংশগ্রহণ করেছেন, আমরা তাদেরকে বহিষ্কার করে দিয়েছি।”

ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “এখন কত লোকই তো কত কথা বলে, আওয়ামী লীগে অনেক লোক পয়সা-পাতি বানাইছে, এখন একটু আরামে থাকতে চায়। সামনে দুঃসময় দেখতেছে, দেশ ছেড়ে চলে যেতে চায়… শোনা যায় না এসব কথা? এসব কি বক্তৃতার করার বিষয় নাকি। আমাদের লেভেলে এসব বাজে কথা বলি না।

“তবে একটা জিনিস বলি, বই লিখলে একটা মুখবন্ধ লিখতে হয়, অনেক সময় তাড়াতাড়ি ছাপাইতে গিয়া কিছু মুদ্রণ ত্রুটি রহিয়া গেল, অর্থাৎ ছাপার কিছু ভুল রয়ে গেল। আসলে যে বানান জানে না, ব্যাকরণ জানে না, এটা স্বীকার করতে চায় না। এখন উনারা (ওবায়দুল কাদের) এরকম কিছু মুখবন্ধ বলতেছেন আরকি।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে দাবি করে নজরুল বলেন, “আজকে সব বিরোধী রাজনৈতিক দল এমনকি জাতীয় পার্টির জিএম কাদের সাহেব উনিও বক্তৃতা করেছেন যে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। দেখবেন আরও যারা বলে নাই, তারাও বলবেন এই কথা। এমনকি ১৪ দলের মধ্যে যারা আছে, তাদের অনেকে বলছেন।“

তিনি বলেন, “আমরা নির্দলীয় সরকারের জন্য লড়াই করছি। আমরা জানি, এখন যারা সরকারে আছে, তারা নিশিরাতের সরকার, তারা জনগণের ম্যান্ডেটবিহীন, ভোটবিহীন জোর করে ক্ষমতায় আসীন একটা সরকার।”

রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রদল নেতা শাহ মাঈনুল আহসান চৌধুরীর পিংকুর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল।

‘শহীদ পিংকু স্মৃতি পরিষদ’ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ডা. সৈয়দ আমজাদ আলী হিরণ। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, ডা. মোস্তাক রহিম স্বপন, প্রয়াত পিংকুর ভাই খালেদ হাসান চৌধুরী ফাহিম সভায় বক্তব্য রাখেন।