বিএনপি-জামায়াতের লাশের রাজনীতিতেই নিহত মানুষ: পররাষ্ট্রমন্ত্রী
হাছান মাহমুদ বলেন, “বিএনপি-জামায়াত লাশ চেয়েছিল, পেয়েছে।”
চলমান কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আর হাতে নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকার সাধারণ শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল এবং কোটা আন্দোলন তাদের হাতে নেই। এখনকার কর্মসূচি বিএনপি-জামায়াতের প্রেসক্রিপশনে হচ্ছে ও তাদের লাশের রাজনীতির কারণেই ৬ জন নিহত হয়েছে।
“মঙ্গলবার সারাদেশে যে নৈরাজ্যের অপচেষ্টা হয়েছে, এর প্রধান কারণ হচ্ছে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা।”
গত কয়েকদিন ধরে চলা কোটা সংস্কারের আন্দোলন মঙ্গলবার চূড়ান্ত সংঘাতে রূপ। রক্তক্ষয়ী এই সংঘাতে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৬ জন নিহত হয়।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “মঙ্গলবার বাসে আগুন দেওয়া হয়েছে, মোটর সাইকেল ভাঙচুর, মেট্রোরেলে হামলা হয়েছে। এগুলো সাধারণ শিক্ষার্থীদের কাজ না। বিএনপি-জামায়াত ঢুকে এসব কর্মকাণ্ড করেছে। আন্দোলনকারীরা এখন তাদের হাতের পুতুলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের প্রতি সহানুভূতিশীল। প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রাজাকারদের পক্ষে স্লোগান দিয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না।”
তিনি বলেন, “বিএনপি-জামায়াত কোটা আন্দোলনের কর্মসূচির ওপর ভর করে মাঠ অস্থিতিশীল করতে চাইছে। আমরা তা হতে দেব না। তারেক রহমান নির্দেশ দিচ্ছে আন্দোলনে ঢুকে পড়তে।”
আন্দোলনরত শিক্ষার্থীর উদ্দেশে তিনি বলেন, “যারা কোটা নিয়ে আন্দোলন করছ, সেই আন্দোলন আর তোমাদের হাতে নাই, ছিনতাই হয়ে গেছে। তোমাদের নেতারা বিক্রি হয়ে গেছে। বিএনপি-জামায়াত লাশ চেয়েছিল, পেয়েছে।
“আর কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সরকার এখানে হস্তক্ষেপ করতে পারে না। তাই তোমাদের প্রতি অনুরোধ, চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করো। সরকার তোমাদের প্রতি সহানুভূতিশীল।”
মঙ্গলবারের সহিংসতার ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, যে বা যারা এসব ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
