Published : 15 Jul 2026, 09:03 PM
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে।
বুধবার সন্ধ্যায় ডেপুটি স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তির ঘোষণা পাঠ করেন।
গত ৭ জুন শুরু হওয়া এ অধিবেশন চলে ২৬ কার্যদিবস। ১১ জুন সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়; ৩০ জুন তা পাস হয়।
বাজেটের ওপর সাধারণ আলোচনা হয় ১৪ কার্যদিবসে। মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিটের আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য।
এই অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে।
কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ৭১৫টি নোটিস জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা হয়।
৭১(ক) বিধিতে দুই মিনিটের ১২৫টি নোটিসের ওপর আলোচনা হয়। ১৩১ বিধিতে চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়ে পাঁচ হাজার ৩১টি প্রশ্ন। এর মধ্যে তিন হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।
এ অধিবেশনে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিসহ ১১টি কমিটি গঠন করা হয়। কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।