২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া এক মাসের মধ্যে ‘বেশ স্থিতিশীল’: ডা. জাহিদ

এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ এ তথ্য দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 05:50 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত এক মাসের মধ্যে এখন ‘বেশ স্থিতিশীল’ বলে জানিয়েছেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার বিকালে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ এ তথ্য দেন।

তিনি বলেন, এক মাস প্রায় হয়ে যাচ্ছে- ২৩ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন দলের চেয়ারপারসন।

‘‘আলহামদুলিল্লাহ। কালকে আমি আপনাদের বলেছিলাম ওনার শারীরিক অবস্থা আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামীনের রহমতে গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে। আমি এইটুকুই বলব, উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় মেডিকেল বোর্ডের চিকিৎসায় এখন আগের চেয়ে অনেকটা বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।”

অধ্যাপক জাহিদ বলেন, “ওটিতে (অপারেশন থিয়েটারে) নিয়ে গিয়ে আজকেও একটা চিকিৎসা দেওয়া হয়েছে। সেটিও উনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন।”

খালেদা জিয়া এখন ক্রিটিকাল কেয়ার ইউনিটে আইসিইউ (ইন্টেসিভ কেয়ার ইউনিট) এর ব্যবস্থা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন আছেন বলে তুলে ধরেন তিনি।

মেডিকেল বোর্ডের সদস্য বিএনপির এই নেতা বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সবার পক্ষ থেকে আবারও দোয়া চান।

গত ২৩ নভেম্বর অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর তিন দিন পরে তার ফুসফুসে সংক্রামণ ধরা পড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা দিচ্ছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।