২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল

সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ৫  আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ  জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন হুদা।

এয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ৫  আসনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেবেন সৈয়দ এহসানুল হুদা।

যোগ দেওয়া ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘‘বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান  সৈয়দ এহসানুল হুদাসহ তার নেতাকর্মীদের নিয়ে আজ বিএনপির সঙ্গে যুক্ত হলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের  বলিষ্ঠ নেতৃত্বে আস্থা প্রকাশ করে এবং একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে তারা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন।

‘‘আমরা আশা করছি, তাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।”

যোগদান করে সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘‘বিএনপি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল। আমরা এই মুহূর্তে দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্রের পথে বিএনপিতে যোগ দিলাম।”

“আমি আজ আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করছি। আশা করছি, অতীতে যেভাবে রাজপথে সংগ্রাম করেছি, একটি সুন্দর বাংলাদেশ ৩১ দফার আলোকে বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে কিনচিৎ ভূমিকা রাখতে পারব।”

যোগদানের  এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।