Published : 26 Nov 2025, 04:14 PM
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন দলের নেতা-কর্মীরা।
বুধবার ঢাকার বিভিন্ন স্থান ছাড়াও সারাদেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার ভাসানি ভবনে মহিলা দলের আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চেয়ারপারসনের সুস্থতা কামনা করে বলেন, “দেশনেত্রী এমন একজন নেত্রী যিনি আমাদেরকে গভীর অন্ধকারে আলোর পথ দেখিয়েছেন।তিনি সংকটের মধ্যেও কী করে মাথা উঁচু করে থাকতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছেন…আমাদেরকে শিখিয়েছেন সংকটের মধ্যেও নিজেদের মধ্যে ঐক্য রেখে এগিয়ে যেতে হয়।
“আমরা তার আজকে এখানে তার সুস্থতার জন্য দোয়া করব, আমরা তার দীর্ঘায়ু কামনা করব।”
তিনি বলেন, “আমরা যারা ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠেছি,এই বেড়ে উঠার নতুন প্রেরণা দিয়েছেন তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কত রোদ, শোক, সংকটে তিনি এই মাটিকে ছেড়ে, এই দেশকে ছেড়ে তিনি যাননি।
“তিনি আমাদের গর্ব, তিনি আমাদের অহংকার। তার অটুট মনোবল যেভাবে আমাদেরকে উদ্ভুদ্ধ করে, আমাদেরকে যেভাবে সাহসী করে তোলে, আমাদেরকে যেভাবে সামনের প্রতিকুলতাকে মোকাবিলা করার সাহস জাগায় তিনি দেশনেত্রী…তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের গণতন্ত্রের মা আমরা আল্লাহর কাছে কায়মনো বাক্যে তার সুস্থতার জন্য দোয়া করব। তিনি সুস্থু হয়ে উঠুন…এই দোয়া আমরা করব।”
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ আরো অনেকে দোয়া মাহফিলে অংশ নেন।
গত রোববার থেকে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেষ্টে) ইনফেকশন হয়েছে। কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে উনার চিকিৎসা চলছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
দেশে চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন।