দেশের আইন-আদালত কোথায়: রব
“যারা ক্লাবে ক্লাবে জুয়া খেলার ক্যাসিনো তৈরি করছিল, আজকে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে,”- বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি।
ক্যাসিনোর সঙ্গে জড়িতদের ছেড়ে দেওয়া হচ্ছে দাবি করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব প্রশ্ন তুলেছেন, তাহলে দেশের আইন-আদালত কোথায়?
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রব বলেন, “এই সরকার প্রতারক সরকার। এই সরকার বলেছিল, গরিবদের ১০ টাকা কেজি চাল খাওয়াবে। এখন সেই চালের কেজি এখন ৬০ টাকা।”
৩১ মাস পর জামিনে মুক্ত হয়ে শুক্রবার ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।
সে বিষয়েএ ইঙ্গিত করে জেএসডি সভাপতি বলেন, “যারা ক্লাবে ক্লাবে জুয়া খেলার ক্যাসিনো তৈরি করছিল, আজকে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
“তাহলে দেশের আইন-আদালত কোথায়? কোর্ট-কাচারি কোথায়? ক্যাসিনোর সাথে জড়িতরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গিয়ে ফুল দিচ্ছে।”
সরকার হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে রব বলেন, “রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে। এর কোনো বিকল্প নাই। আসুন লুটপাট-দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হউন।”
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “অনেক দেন-দরবার করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা জাতিসংঘের একটি অনুষ্ঠানে যাওয়ার ভিসা পেয়েছেন।
“তিনি ওই কনফারেন্সে যোগ দেওয়ার বাইরে কোথাও যেতে পারবেন না। এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে? বাংলাদেশ পুলিশকে আজ সারা পৃথিবীর বুকে নিন্দার পাত্র বানানো হয়েছে।”
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘‘নানা জায়গায় বিক্ষোভ মিছিল, সমাবেশে এ সরকারের গুণ্ডা বাহিনী ছাত্রলীগ, যুবলীগ নানাভাবে হামলা করছে এবং একইসঙ্গে রাষ্ট্রের পুলিশ বাহিনীও হামলা চালাচ্ছে।
“আমরা বলে দিতে চাই, হামলা-মামলা করে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না।”
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর অভিযোগ করে বলেন, “ক্যাসিনো, মাদক, ব্যবসায়ীসহ জঘন্য অপরাধে জড়িত অপরাধীদের নির্বাচন উপলক্ষে ছেড়ে দিচ্ছে সরকার; যাতে ঢাকায় তারা গুণ্ডামি, মাস্তানি করে।”
পরে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা পল্টন মোড় দিয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। দ্রব্যমূল্যের দাম কমাও, নইলে গদি ছেড়ে দাও’, ‘মুক্তির জন্য দরকার এই রাষ্ট্রের সংস্কার’, ‘বাজারের আগুন থেকে মানুষকে বাঁচাও’ এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন নেতাকর্মীরা।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবুর সঞ্চালনায় সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বক্তব্য রাখেন।
