৩০ জুলাই রংপুরে জনসভা, ভাষণ দেবেন শেখ হাসিনা
রংপুর আওয়ামী লীগের নেতারা দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে; নিয়েছেন বিভিন্ন নির্দেশনা।
আওয়ামী লীগ ৩০ জুলাই রংপুরে বিভাগীয় সমাবেশ করবে।
সেখানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি প্রধান অতিথি থাকবেন বলে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্রগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রাজশাহীতে ইতোমধ্যে বিভাগীয় সমাবেশ হয়েছে। ৩০জুলাই রংপুরে সমাবেশ হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সভানেত্রী প্রধানমন্ত্রী।”
বৃহস্পতিবার রাতে গণভবনে রংপুর আওয়ামী লীগের নেতারা দেখা করেন শেখ হসিনার সঙ্গে। সমাবেশ সফল করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা নেন তারা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, তার ছেলে রাশেক রহমানও বৈঠকে ছিলেন।
রাশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ৩০ তারিখের সমাবেশ সফল করার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। রংপুরের নেতারাও প্রস্তুতির কথা জানিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে মঞ্চ ও সমাবেশের মাঠ তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।”
“রংপুরের ইতিহাসে সর্বোচ্চ জনসমাগম করা হবে এই সমাবেশে," বলেন তিনি।
