১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় পার্টির সঙ্গে আইআরআই প্রতিনিধিদের বৈঠক

এদিন আইআরআই প্রতিনিধি দলটি বিএনপির সঙ্গেও বৈঠক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 06:08 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটউট (আইআরআই) এর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

বৃহস্পতিবার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয় বলে জানিয়েছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়োরী।

বৈঠকে জিএম কাদের ও শামীম হায়দার ছাড়াও ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মইনুর রাব্বি চৌধুরী, উপদেষ্টা মো. মাহফুজুর রহমান।

আইআরআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন উপপরিচালক ম্যথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

আইআরআই প্রতিনিধিদলের সাথে বৈঠকে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভিতরের আলোচনায়, দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না, দেশে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আমাদের চেয়ারম্যান। এখানে চেয়ারম্যান বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ নাই।”

তিনি বলেন, “তিনি (জিএম কাদের) এটাও বলেছেন, জাতীয় পার্টি সবসময় ভোটের জন্য প্রস্তুত, জাতীয় পার্টি ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে।”

বৈঠকে আইআরআই প্রতিনিধিরা কী বলেছেন জানতে চাইলে শামীম বলেন, “তারা কোনো মতামত বা পরামর্শ দেয়নি, তারা আমাদের বক্তব্য শুনেছেন।”

এদিন আইআরআই প্রতিনিধি দলটি বিএনপির সঙ্গে বৈঠক করেছে।

দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানিয়েছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার কার্য্ক্রম, সংসদ নির্বাচন নিয়ে আইআরআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলেছেন। এছাড়া বিএনপির আগামীর ভাবনাও আইআরআইয়ের প্রতিনিধি দলের সামনে তুলে ধরা হয়েছে।

আইআরআই ইতোমধ্যে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পৃথক বৈঠক করছে।

এছাড়া নির্বাচন কমিশনের কাছ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জেনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থাটি।

আরও পড়ুন

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক