বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
মঈন খান জানিয়েছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার কার্য্ক্রম, সংসদ নির্বাচন নিয়ে আইআরআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটউটের (আইআরআই) এপ্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে আরও দুই সদস্য এই বৈঠকে অংশ নেন। তারা হলেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিন।
আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমারের নেতৃত্বে প্রতিনিধি ছিলেন উপপরিচালক ম্যথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।
মঈন খান জানিয়েছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার কার্য্ক্রম, সংসদ নির্বাচন নিয়ে আইআরআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলেছেন। এছাড়া বিএনপির আগামীর ভাবনাও আইআরআইয়ের প্রতিনিধি দলের সামনে তুলে ধরা হয়েছে।
আইআরআই ইতোমধ্যে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পৃথক বৈঠক করছে।
এছাড়া নির্বাচন কমিশনের কাছ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জেনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থাটি।
