২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

চার দিনের এ সফর শুরু হওয়ার কথা ছিল রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 11:02 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

নির্বাচন কমিশনের ‘অনুরোধে’ উত্তরাঞ্চল সফর স্থগিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাওয়ার কথা ছিল তারেক রহমানের। 

সফরের প্রথম দিন বিকালে বগুড়ায় পৌঁছানোর কথা ছিল তার। 

বগুড়া থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফরেও যাওয়ার কথা ছিল বিএনপি চেয়ারম্যানের।

নির্বাচনি প্রচার শুরুর আগে তার এই সফর আচরণবিধি ‘ভঙ্গ করছে’ কিনা, সেই প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। 

তবে আচরণবিধি লঙ্ঘন হবে না বলে বিএনপির তরফে দাবি করা হচ্ছিল। 

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, “তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্য হলো একজন শহীদের কবর জিয়ারত করা, এখানে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।”

কিন্তু তার এই বক্তব্যের পরের দিন উত্তরাঞ্চল সফর স্থগিতের সিদ্ধান্ত জানালেন মির্জা ফখরুল। 

গুলশানে শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ অন্যদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য তারেক রহমান উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।”

রাত ৯টায় তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে অন্যদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

‘নির্বাচন বানচালের চক্রান্ত’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচন বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। তারা ইতোমধ্যেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে বিএনপির অনেক কয়েকজনকে গুলি করা হয়েছে এবং তারা শহীদ হয়েছেন এবং গত কয়েক দিন আগে স্বেচ্ছাসেবক দলের উত্তরের সাবেক সদস্য সচিব মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ইতোমধ্যেই তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ প্রকাশ করেছি এবং অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি।

“আমরা বারবার করে এ কথা সরকারকে ও নির্বাচন কমিশনকে জানিয়েছি, আজও জানাতে চাই যে, এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এ দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে। নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয়, তার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আবারো সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।”