নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কাটল: বিএনপি
জুলাই ঘোষণাপত্র এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা–দুটোকেই স্বাগত জানিয়েছে দলটি।
ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র এবং আরেকটি জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই।”
নির্বাচন অনুষ্ঠান নিয়ে একটি ‘দোদুল্যমানতা’ ছিল মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে তার অবসান হল।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।
“অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।”
গত জুন মাসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজন করার কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা। তবে ১৩ জুন লন্ডনে তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের পর এক ‘যৌথ ঘোষণায়’ বলা হয়, সব প্রস্তুতি শেষ হলে ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন হতে পারে।
তাতে সন্তুষ্ট হলেও বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছিল।
মঙ্গলবারের ভাষণে ভোটের নির্দিষ্ট কোনো তারিখের কথা ইউনূস বলেননি। তবে সে বিষয়ে আপত্তি না তুলে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখার কথা বলেন সালাহউদ্দিন।
এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটধিকার প্রয়োগে পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত পরামর্শ দিয়েছেন, সেটা অবশ্যই প্রণিধানযোগ্য। তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য।
“অবশ্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন যথা সময়ে। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেই নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন বলেছেন, সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সারা জাতি অপেক্ষা করছিল।”
সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, এর মধ্য দিয়ে তাদের মধ্যে দোদুল্যমানতা আর রইল না এবং যারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের দিকে যাবে এবং সেই নির্বাচনের আবহওয়া সৃষ্টি হবে।”
আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে আশা প্রকাশ করে তিনি বলেন, “বিশ্বের মধ্যে সবচাইতে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্যে সমগ্র জাতিকে এবং সমস্ত জনগণকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।”
নির্বাচনের এই ঘোষণায় রাজনৈতিক সংকট কাটবে কিনা–এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেন, “আমরা মনে করি, এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা আরো বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগে কোনো অনিশ্চিয়তা থাকবে না। সব কিছু সচল এবং গতিশীলতা পাবে, আমরা এটাই আশা করি।”
জুলাই ঘোষণাপত্র
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের পাশে নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।”
এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া তুলে ধরে সালাহউদ্দিন বলেন, “এই ঘোষণাপত্রে যেসব বিষয় ও ঘোষণা এসেছে, সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে। সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম।
“জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, তাদেরকে জাতীয় বীরের মর্যাদা সমুচিত হয়েছে, সেটা আমাদের প্রাণের দাবি এবং যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিভিন্নভাবে আইনি সুরক্ষা ও সহযোগিহতার প্রতিশ্রুতি তিনি (প্রধান উপদেষ্টা) দিয়েছেন, সারা জাতি দিয়েছে, আমরাও দিয়েছি।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ‘আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এ সময় উপস্থিত ছিলেন।
