১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাদিক আবদুল্লাহর প্রার্থিতা: আপিলে শুনানি ২ জানুয়ারি

সাদিক আব্দুল্লাহ প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 02:13 PM

Updated : 21 Dec 2023, 02:15 PM

প্রার্থিতা ফিরে চেয়ে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আবেদন আগামী ২ জানুয়ারি শুনবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ। 

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বৃহস্পতিবার এ আদেশ দেন। 

সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথি। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। 

এর আগে ১৯ ডিসেম্বর সাদিকের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দেয় আপিল বিভাগের চেম্বার আদালত।

এরপর সাদিক আব্দুল্লাহ প্রার্থিতা ফেরত চেয়ে গত বুধবার ফের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। 

উচ্চ আদালতে এখন অবকাশ চলছে। অবকাশের পর আগামী ২ জানুয়ারি আপিল ও হাই কোর্ট বিভাগের নিয়মিত কার্যক্রম শুরু হবে। তখনই সাদিকের আবেদনের ওপর শুনানি হবে।   

বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ দলের মনোনয়ন না পেয়ে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। 

কিন্তু দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিল চেয়ে পরে ইসিতে আপিল করেন ওই আসনের নৌকার প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। শুনানি শেষে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে কমিশন। 

অন্যদিকে জাহিদ ফারুক মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। সেই আপিল নির্বাচন কমিশনে নামঞ্জুর করা হয়। ফলে জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল থাকে। 

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে এরপর হাই কোর্টে রিট আবেদন করেন সাদিক। 

সেই আবেদনের শুনানি করে ১৮ ডিসেম্বর হাই কোর্টের বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ বরিশাল-৫ আসনের এই স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে।  

হাই কোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে এরপর আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম। সেই আবেদনের শুনানি করে চেম্বার আদালত হাই কোর্টের রায় স্থগিত করে। 

আরও পড়ুন:

পুরানো খবর:

প্রার্থিতা ফেরত পেলেন সাদিক আব্দুল্লাহ, ব্যর্থ শামীম ও শাম্মী

পুরানো খবর:

আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেলেন নৌকার সালাম

পুরানো খবর:

সাদিক আবদুল্লাহর প্রার্থিতা ফের আটকাল আপিল বিভাগে