১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের সুযোগ পেলে আওয়ামী লীগ কত ভোট পাবে? জরিপ বলছে ১৫%

১৫ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার তরুণ এ জরিপে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিলে ১৫ দশমিক ০২ শতাংশ ভোট পেতে পারে বলে এক জরিপে উঠে এসেছে।  

সাউথ এশিয়ান মডেল নেটওয়ার্কিং অন ইকোনমিক মডেলিং (সানেম) এই জরিপ চালিয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের ৯৬ দশমিক ৬ শতাংশ নির্বাচনের ফলাফল সম্পর্কিত বিষয়ে ভোট দিয়েছেন। 

সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে জরিপের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়। সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হানের নেতৃত্বে মোট ছয় সদস্যের একটি দল এই জরিপ পরিচালনা করে।

গত ২০ থেকে ৩১ মে ওই জরিপ পরিচালনা করা হয় বলে সানেমের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৫ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার তরুণ এ জরিপে অংশ নেন। 

সানেম বলছে, মিশ্র পদ্ধতিতে দেশের ৮টি বিভাগের প্রতিটিতে দুটি করে জেলা এবং ওই দুটি জেলার দুটি করে উপজেলায় এই জরিপ চালানো হয়। শহর এবং গ্রামাঞ্চল দুই জায়গার সমন্বয়ে নেওয়া হয় মতামত।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিএনপি নির্বাচনে ৩৮ দশমিক ৭৬ শতাংশ ভোট পেতে পারে বলে মনে করে অংশগ্রহণকারীরা। 

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির-এনসিপির তুলনায় জামায়াতে ইসলামী বেশি ভোট পাবে বলে জরিপে অংশ নেওয়া তরুণরা মনে করেন। 

জরিপের ফলাফল বলছে, জামায়াতে ইসলামী ২১ দশমিক ৪৫ শতাংশ, এনসিপি ১৫ দশমিক ৮৪ শতাংশ, অন্যান্য ইসলামিক দল ৪ দশমিক ৫৯ শতাংশ, জাতীয় পার্টি ৩ দশমিক ৭৭ শতাংশ, অন্যান্য দল দশমিক ৫৭৮ শতাংশ ভোট পেতে পারে।

জরিপে অংশগ্রহণকারীদের ৪০ দশমিক ৮৯ শতাংশ মোটামুটি আশাবাদী যে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। 

২৭ দশমিক ৯১ শতাংশ অংশগ্রহণকারী গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে খুবই আশাবাদী। ১১ দশমিক ৯৩ শতাংশ উত্তরদাতা গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে পুরোপুরি আশাবাদী। 

১৩ দশমিক ২৩ শতাংশ অংশগ্রহণকারী এ বিষয়ে আংশিক আশাবাদী। আর একেবারেই আশাবাদী নন ৬ দশমিক ০৪ শতাংশ তরুণ। 

জরিপে অংশ্গ্রহণকারীদের ৭৬ দশমিক ৭৮ শতাংশ আগামী নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক। আর, সিদ্ধান্ত নিতে পারেননি ৫ দশমিক ০৯ শতাংশ। ১৩ দশমিক ৯৮ শতাংশ উত্তরদাতা এখনও ভোটার নন।

অন্যদিকে, আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী নন ৪ দশমিক ১৪ শতাংশ উত্তরদাতা।

জরিপে দেখা যাচ্ছে, অংশগ্রহণকারীদের ৮২ দশমিক ৭ শতাংশ তরুণ রাজনীতিতে জড়াতে চান না। ১ দশমিক ৬ শতাংশ ইতোমধ্যে রাজনীতিতে জড়িত। 

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি ৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা। ৮ দশমিক ৩ শতাংশ তরুণ কিছুটা আগ্রহী। আর ৩ দশমিক ২ শতাংশ বলেছেন, তারা খুবই আগ্রহী। 

রাজনীতিতে জড়িত হতে চান না যারা, তাদের একটি বড় অংশ কারণ হিসেবে রাজনৈতিক সহিংসতার কথা বলেছেন। এছাড়া, দুর্নীতি ও নীতি নৈতিকতার অভাবকেও কারণ হিসেবে দেখিয়েছেন তাদের একটি অংশ।

এই জরিপের পরবর্তী ধাপ চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে পরিচালিত হবে বলে জানিয়েছে সানেম।