নুরের শারীরিক অবস্থার ‘উন্নতি’, দেওয়া হবে কেবিনে
নুরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হতে কিছুটা সময় লাগবে।
আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ‘উন্নতি হচ্ছে’ বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পুরোপুরি সুস্থ হতে কিছু সময় লাগলেও নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। সোমবারই তাকে কেবিনে নেওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আজকে আমরা উনাকে আইসিইউ থেকে শিফট করছি। নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন। নুরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হতে কিছুটা সময় লাগবে। আমরা আশা করছি তিনি আগামী এক সপ্তাহের মধ্যে বাসায় ফিরতে পারবেন।"
গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণঅধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেনা ও পুলিশ সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করে। হামলায় নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে গণধিকার পরিষদের দাবি।
লাঠিপেটায় আহত নুরুল হককে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নুরের চিকিৎসায় শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
ছয় সদস্যের মেডিকেল বোর্ডে নাক কান গলা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, নিউরো সার্জন, আইসিইউর প্রধান আছেন।
নুরের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল।
